সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৭
সরকার সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের নামে রাজনৈতিক সমাবেশ আয়োজন করে সাধারণ মানুষকে আসতে বাধ্য করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার দুপুরে রাজধানীর ডিআরইউ মিলনায়তনে মাওলানা ভাসানীর ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।
ফখরুল বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে নাগরিক সমাবেশের নামে ক্ষমতাসীনরা রাজনৈতিক সমাবেশ করছে। লোকজনকে বাধ্য করে সমাবেশে আনা হচ্ছে।
বিএনপি মহাসচিব বলেন, তারা শিক্ষকদের বলছেন, না আসলে বেতন কাটা যাবে। ব্যাংকে চিঠি দিয়েছেন কর্মচারীদের। তাদের বলা হয়েছে, সমাবেশে না আসলে ৫ দিনের বেতন কাটা যাবে।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। বিরোধীদলগুলোর নেতাদের মামলা প্রত্যাহার করতে হবে।
মির্জা আলমগীর বলেন, আগামী নির্বাচন সব দলের অংশগ্রহণ দেখতে চায় মানুষ। নিরপেক্ষ-নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হলেই এমনটি সম্ভব হবে।
বিএনপি মহাসচিব বলেন, তোষামোদি না করে আগামী নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড (সমান ক্ষেত্র) তৈরি করতে হবে নির্বাচন কমিশনকেই (ইসি)।
Design and developed by ওয়েব হোম বিডি