সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৭
ঢাকা মহানগর আওয়ামী লীগের বিভেদ মেটাতে দুই পক্ষকেই সতর্ক করে দিয়েছেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গে বৈঠক করে তাদের সতর্ক করে দেন তিনি।
রোববার রাতে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ঢাকার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে থাকা মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, ওবায়দুল কাদের মুরাদ ও খোকনকে বিরোধ কমানোর নির্দেশ দেন। পাশাপাশি দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে কোনো বক্তব্য থাকলে তা দলীয় প্রধান শেখ হাসিনাকে জানাতে বলেন।
সূত্রটি জানায়, এ ধরণের বিরোধ মেটাতে প্রয়োজনে কেন্দ্রীয় নেতাদের পরামর্শ নিতেও উপদেশ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
প্রসঙ্গত, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের থানা ও ওয়ার্ড কমিটি নিয়ে সম্প্রতি মুরাদ এবং খোকনের বিরোধ তুঙ্গে উঠে। একাধিক অনুষ্ঠানে এই দুই নেতার অনুসারীরা সংঘর্ষেও লিপ্ত হয়।
Design and developed by ওয়েব হোম বিডি