সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৭
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে দেশের মানুষ সাম্প্রদায়িক অপশক্তি ও তাদের পৃষ্ঠপোষকদের প্রত্যাখ্যান করবে।
বিএনপিকে ইঙ্গিত করে কাদের বলেন, আগামী বছর মহান বিজয়ের মাস ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে দেশের মানুষ সাম্প্রদায়িক অপশক্তিকে যেমন রুখে দিবে, তেমনি জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদেরও প্রত্যাখ্যান করবে।
শনিবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ওদিকে, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসবে।
শনিবার সকালে মাদারিপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শাজাহান খান সাংবাদিকদের বলেন, আজকের বিজয় দিবসেই বিএনপি-জামায়াতকে পরাজিত করে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ছিনিয়ে আনার শপথ গ্রহণ করতে হবে।
তিনি বলেন, যারা যুদ্ধাপরাধী এবং জঙ্গিবাদকে সমর্থন করে তাদের হাতে আওয়ামী লীগ কখনই পরাজয় বরণ করবেও না। বরং আগামী নির্বাচনে জয় লাভ করে বিজয়ের উল্লাস মেতে উঠবে আওয়ামী লীগ।
Design and developed by ওয়েব হোম বিডি