সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৭
বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানকে গুলশান থানা এলাকা থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
প্রায় চার মাস ধরে ‘নিখোঁজ’ আমিনুরকে শুক্রবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ গ্রেফতার করে।
মোবাইল ফোন ট্র্যাক করে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার শাহজাদপুরে প্রগতি সরণিতে তার অবস্থান শনাক্ত করা হয় বলে পুলিশ জানিয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে ডিবি উত্তরের অতিরিক্ত উপ-কমিশনার শাহজাহান সাজু গণমাধ্যমকে জানান, আমিনুর রহমানকে গুলশান থানায় ২০১৫ সালের ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলা নম্বর-২৫।
প্রসঙ্গত, গত ৩০ আগস্ট কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম দাবি করেছিলেন, ২৭ আগস্ট থেকে আমিনুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
তিনি জানান, ওইদিন রাত ১০টার দিকে নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজারে অবস্থিত বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে আমিনুর নিখোঁজ হন। নিখোঁজ আমিনুরকে খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বানও জানান কল্যাণ পার্টির চেয়ারম্যান।
২০ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ কল্যাণ পার্টি’র মহাসচিব এ এম এম আমিনুর রহমান নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এদিকে, নিখোঁজ হওয়ার দেড় মাস পর বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে বাড়ি ফিরেছেন বাংলাদেশের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক ড. মুবাশ্বার হাসান সিজার। এর আগে গত মঙ্গলবার রাতে দুই মাস ১০ দিন ‘নিখোঁজ’ থাকার পর ফিরে আসেন অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি.নিউজের প্রতিবেদক উৎপল দাস।
Design and developed by ওয়েব হোম বিডি