সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০১৮
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আহত একটি অজগর ও ‘রেড ব্যাম্বো ট্রিংকেট’ সাপ উদ্ধার করেছে বেসরকারি বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এর মধ্যে রেড ব্যাম্বো ট্রিংকেট বাংলাদেশে সচরাচর দেখা যায় না।
ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, মঙ্গলবার (০২ জানুয়ারি) রাতে শাহজীর বাজারের উত্তরশুর এলাকার লোকজন একটি অজগর দেখতে পেয়ে পিটিয়ে মারার চেষ্টা করছিল। পরে তাকে উদ্ধার করে ফাউন্ডেশনে এনে সুস্থ করে তোলা হয় হয়।
এর আগে গত রোববার রাতে উপজেলার জাগছড়া চা-বাগান থেকে উদ্ধার করা হয় একটি রেড ব্যাম্বো ট্রিংকেট।
সজল বলেন, এ সাপ আমি জীবনে এই প্রথম দেখলাম। বিভিন্ন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি এটি রেড ব্যাম্বো ট্রিংকেট।
এরা চিরসবুজ বনে বসবাস করে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব। রাতে চলাফেরা করে, এজন্য হয়ত কারও চোখে পড়েনি।
এরা পাতাঝরা বনে থাকতে পছন্দ করে। এটি ভারতের আসামে মাঝে মাঝে পাওয়া যায়। যেহেতু আসাম আমাদের প্রতিবেশী, সেহেতু এ এলাকায় থাকাটা অস্বাভাবিক নয়। এরা ঠাণ্ডা আবহাওয়া পছন্দ করে। তাই বেশি রোদে খুব কম বের হয়, বললেন শ্রীমঙ্গলের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান।
সাপ ও অজগরটি সুস্থ হলে বনে ছেড়ে দেওয়া হবে বলে সিতেশ রঞ্জন জানিয়েছেন।
Design and developed by ওয়েব হোম বিডি