সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৮
আগামী একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-১৭ (ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, ভাষানটেক) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, কেউ চিরকাল ক্ষমতায় থাকে না। আমিও ছিলাম না। আওয়ামী লীগও থাকবে না।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ভাষাণটেক মোড়ে এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।
পথসভায় এরশাদ জনতার উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের নির্বাচিত এমপি ছিলাম। আগামীতে আবার নির্বাচন করলে আপনারা কি আমাকে ভোট দেবেন?
এ সময় উপস্থিত লোকজন হাত উঁচিয়ে এরশাদের পক্ষে সমর্থন জানায়।
জাতীয় পার্টি সরকারের থাকাকালীন দেশে কোনও গুম খুন ছিল না দাবি করে এরশাদ আরও বলেন, আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন মানুষ অনেক শান্তিতে ছিল। আপনারা আমাকে ভোট দিলে আবারও আমি শান্তি ফেরাবো।
এসময় জাপা প্রধান আরও বলেন, বড়লোকের নয়, আমি গরিবের রাজনীতি করি। আপনাদের পাশে থাকতে চাই। গরিবের ভাগ্য বদলে দিতে চাই।
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় ও এসএম ফয়সল চিশতীসহ দলের অন্যান্য নেতারাও এসময় পথসভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে ঢাকা-১৭ (ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, ভাষানটেক) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এরশাদ।
Design and developed by ওয়েব হোম বিডি