সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০
আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভিক্টোরিয়ার উপকূলের দিকে ধেয়ে আসছে দাবানল। ভয়াবহ এই দুর্যোগ থেকে বাঁচতে সাগরের দিকে ছুটছে মানুষ। গত তিন দিনে দাবানলের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। তাছাড়া নিখোঁজ রয়েছেন আরও ২০ জন।
ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানায়, গত কয়েক দিনের চেয়ে বুধবার (০১ জানুয়ারি) দাবানলের ভয়াবহতা কিছুটা কমলেও মৃতের সংখ্যা এখনো বাড়ছেই। অক্টোবর থেকে এ পর্যন্ত দেশটিতে দাবানলে মৃতের সংখ্যা ২৬ জনে পৌঁছেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
দাবানলের কারণে ভিক্টোরিয়ার একটি প্রধান সড়ক দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছিল। বুধবার সেটিকে খোলা হলেও ২ ঘণ্টা পর তা পুনরায় বন্ধ করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়ালশ অঙ্গরাজ্যের দমকল বাহিনীর কমিশনার শেন ফিজসিমন্স জানান, সামনে এই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দাবানলের প্রভাবে যোগাযোগ ব্যবস্থা ক্রমশ বিপর্যস্ত হয়ে পড়ছে।
এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে তাণ্ডব চালায় দাবানল। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগকে স্থানীয় বাসিন্দারা ‘ভয়ঙ্কর অভিজ্ঞতা’ হিসেবে বর্ণনা করেন।
Design and developed by ওয়েব হোম বিডি