সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : সরকারি বাহিনীর অবরোধে থাকা আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নিতে তীব্র আক্রমণ শুরু করেছে বিদ্রোহীরা। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটি সরকার ও বিদ্রোহী উভয়ের নিয়ন্ত্রণের কারণে ২ ভাগে বিভক্ত।
হালাব আল-সাবাব ব্রিগেডের একজন যোদ্ধা রায়িদ আল-হালাবি আলজাজিরাকে জানান, বিদ্রোহীদের যৌথ দল একসঙ্গে আসাদ সরকারের বাহিনীর ওপর হামলা চালাবে। এছাড়া আশপাশের অঞ্চলে গাড়ি বোমা হামলাও করা হবে। রশদ সরবরাহের পথটি যেকোনোভাবেই খুলতে হবে।
আসাদ সরকারের বাহিনীর বিরুদ্ধে লড়তে ইতোমধ্যেই দলগুলো একত্রিত হওয়া শুরু করেছে। বিদ্রোহী জোটের দলগুলোর মধ্যে ফাতেহ হালাব, আহরার আল-সাম, জায়েস আল-ইসলাম এবং ফ্রি সিরিয়ান আর্মি অন্যতম।
রায়িদ বলেন, ‘ইতোমধ্যেই সরকারি বাহিনীর ওপর হামলা শুরু হয়ে গেছে। সামনে এর পরিমাণ আরও বাড়বে।’
অপরদিকে সরকারি বার্তা সংস্থা সানা’র খবরে বলা হয়, বিদ্রোহীদের হামলায় অন্তত সাতজন বেসামরিক জনগণ নিহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
সহিংসতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আলেপ্পোতে। সোমবার সরকার নিয়ন্ত্রিত এলাকায় বিদ্রোহীদের হামলায় অন্তত ৩০ জন মানুষ নিহত হয়েছে।
সাম্প্রতিক সময়ে সরকারি বাহিনী আলেপ্পোতে ঢুকার সব পথ দখল করে নিলে অবরোধের মুখে পড়ে এলাকাটি। পানি, খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর অভাবে কার্যত অচল হয়ে যায় আলেপ্পোর জীবন ব্যবস্থা। অবরোধের কারণেই সহিংসতা বাড়ছে আলেপ্পোয়।
Design and developed by ওয়েব হোম বিডি