সিলেট ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক :: যুক্তরাষ্ট্রের মিলওয়াকিতে এক কৃষ্ণাঙ্গকে হত্যায় পুলিশের প্রতি নিজের সমর্থন জানালেন দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প পুলিশের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন।
শনিবার মিলওয়াকিতে এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে পুলিশ। পুলিশের দাবি সিলভাইল স্মিথ নামে ওই কৃষ্ণাঙ্গের হাতে একটি পিস্তল ছিল। তবে স্থানীয় কৃষ্ণাঙ্গদের দাবি, পুলিশ বিকল্প ব্যবস্থা না নিয়ে কৃষ্ণাঙ্গদের সরাসরি গুলি করে হত্যা করছে।
এ ঘটনার পর গত রোববার থেকে শহরটিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা পুলিশের কয়েকটি গাড়ি ও একটি পেট্রোল স্টেশনে অগ্নিসংযোগও করেছে।
ট্রাম্প তার সাক্ষাৎকারে বলেন, আমাদের আইন মান্য করতে হবে নতুবা আমরা রাষ্ট্রহীন হয়ে পড়ব। পুলিশের সাফাই গাইতে গিয়ে তিনি বলেন, পিস্তলটি ওই পুলিশ কর্মকর্তার মাথার দিকে তাক করা ছিল। হয়তো এটি দিয়ে গুলি করা হতো। এটা নিয়ে কে সমস্যায় পড়তে চায়? আর এ কারণে এই ঘটনা ঘটেছে।
তিনি বলেন, হয়তো এটা সত্য নয়। যদি এটা সত্য হয়, তাহলে লোকজনের দাঙ্গায় জড়ানো উচিৎ নয়। তার এ বক্তব্যে কৃষ্ণাঙ্গদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।
সূত্র : বিবিসি
Design and developed by ওয়েব হোম বিডি