সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: গাজীপুরের কাপাসিয়ায় গজারি বন থেকে মানুষের হাড় ও মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে রায়েদ ইউনিয়নের ভূলেশ্বর এলাকার বন থেকে খুলি ও হাড়গুলো উদ্ধার করা হয় বলে কাপাসিয়া থানার এসআই মো. দুলাল মিয়া জানান।
তিনি বলেন, সকাল ৯টার দিকে স্থানীয়রা বনের ভেতর খুলি- হাড় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ গিয়ে মানুষের মাথার খুলি এবং পাঁজর ও পাসহ শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করে।
ঘটনাস্থল থেকে একটি টর্চলাইট, পুরানো ও নষ্ট হয়ে যাওয়া একটি লুঙ্গি ও একটি গেঞ্জিও উদ্ধার করা হয়েছে বলে জানান এসআই দুলাল।
ঘটনাস্থলের পাশের টানচৌড়াপাড়ার গ্রামের আকরাম হোসেনের সন্দেহ এই হাড় তার ভাই মো. রশিদের (৪০)।
গরু ব্যবসায়ী রশিদ গত বছর কোরবানির ঈদের দুদিন আগে গরু নিয়ে হাটে যাওয়ার পথে নিখোঁজ হন। তখন একটি সাধারণ ডায়েরিও হয়েছিল। কিন্তু তাকে আর পাওয়া যায়নি।
আকরাম বলেন, উদ্ধার হওয়া লুঙ্গি, গেঞ্জি ও টর্চলাইট দেখে খুলি ও হাড়গুলো তার ভাইয়ের বলে ধারণা করছেন তিনি।
আকরামের ধারণার বিষয়ে এসআই দুলাল বলেন, ডিএনএ টেস্ট করেই নিশ্চিত করা যাবে।
Design and developed by ওয়েব হোম বিডি