সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৩
ছবি সংগৃহীত
সুরমামেইল ডেস্ক :
গোপালগঞ্জে অ্যাম্বুলেন্সকে মাটি কাটা স্কেভেটরবহনকৃত ট্রাকের চাপা দেয়ার ঘটনায় চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (০৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার আরামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। সে সময় বিপরিত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী মাটিকাটা স্কেভেটরবহনকৃত ট্রাক সেটিকে চাপা দেয়। এতে গাড়ি দুটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার পথে একজন ও হাসপাতালে আনার পর আরও দু’জনের মৃত্যু হয়। আহত চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক জুয়েল সরকার বলেন, দু’জন হাসপাতালে আনার আগে ও দু’জন হাসপাতালে আসার পর মারা যান। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি