চালের দাম বৃদ্ধি : নবীগঞ্জে দিশেহারা নিম্ন আয়ের মানুষ

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০১৭

চালের দাম বৃদ্ধি : নবীগঞ্জে দিশেহারা নিম্ন আয়ের মানুষ

Manual4 Ad Code

হঠাৎ করে চাউলের দাম বেড়ে যাওয়ায় নবীগঞ্জে নিম্ন আয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। এমতাবস্থায় সরকারের ওএমএস চাল পাওয়ার আশায় অপেক্ষার প্রহর গুনছেন দরিদ্র লোকজন। গত ১৫ দিনে খুচরা বাজারে কেজি প্রতি চাউলের দাম বেড়েছে ১৪/১৫ টাকা করে।

Manual8 Ad Code

তবে পাইকারী চাউল ব্যবসায়ীরা বলছেন, প্রতি কেজিতে ৫/৬ টাকা বৃদ্ধি পেয়েছে। মিল মালিকরা বলছেন অকাল বন্যার কারণে ধানের উৎপাদিত এলাকার ফসলগুলো তলিয়ে যাওয়ায় তারা আগের তুলনায় এখন কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করতে পারছেন না। যে কারণে ধান ও চাউলের দাম বৃদ্ধি পেয়েছে। এতে ধানের পাইকারী ব্যবসায়ী ও মিল মালিকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। আবার অনেক মজুতদার ব্যবসায়ীরা অতি লাভের আশায় গুদামে শত শত বস্তা চাউল মজুদ রেখে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে চাউলের দাম বৃদ্ধি করছেন বলে অভিযোগ উঠেছে।

অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার বলছেন, দুয়েক দিনে প্রতি কেজি চাউলে ২/৩ টাকা করে দাম কমেছে। তারা চাউলের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত বাজার মনিটরিং করছেন। এছাড়াও নিম্ন আয়ের দরিদ্র মানুষ যাতে দু-বেলা পেট ভরে ভাত খেতে পারে সেজন্য সরকার বাজারে ন্যায্য মূল্যে ওএমএস চাউল বাজারে বিক্রি শুরু করেছে।

গতকাল সরেজমিনে ঘুরে নবিগঞ্জের পাইকারী ও খুচরা চাল ব্যবসায়ী, ক্রেতা ও চালকল মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে আলাপ করে জানা যায়, এবারের অকাল বন্যার কারণে হবিগঞ্জের ধানের উৎপাদন এলাকা বলে খ্যাত বানিয়াচঙ্গ, আজমিরীগঞ্জ, লাখাই উপজেলার অধিকাংশ হাওর তলিয়ে গেছে। নবীগঞ্জ, বাহুবল, হবিগঞ্জ সদর উপজেলার নিচু এলাকার কিছু হাওর তলিয়ে যাওয়ায় কৃষকরা কাংক্ষিত ধান ঘরে তুলতে পারেননি। যেসব কৃষক উচু এলাকার জমি থেকে কিছু ধান সংগ্রহ করেছেন তা দিয়ে তাদের পরিবার চালাচ্ছেন। অনেকে অবশিষ্ট কিছু ধান বিক্রি করছেন।

ঈদের পর থেকে কৃষকরা ধান বিক্রি বন্ধ করে দিয়েছেন। এ কারণে ক্ষুদ্র ধানের ব্যবসায়ীরা গ্রাম থেকে ধান সংগ্রহ করতে পারছেন না। এতে মিল মালিকরা আগের মত চাল উৎপাদন করতে পারছেন না। আবার অনেক মিল মালিক বেশি দামে ধান ক্রয় করে চাল উৎপাদন ও বিক্রি করে লোকসান গুনছেন।

অনেক ব্যবসায়ী জানিয়েছেন, ভারত থেকে আগের তুলনায় চাল না আসার কারণে বাজারে চালের দাম বৃদ্ধি পেয়েছে। সেজন্য ভারত শুধু নয়, অন্যান্য রাষ্ট্র থেকেও চাউল আমদানি করতে হবে।

উপজেলার বেগমপুর গ্রামের ধান ব্যবসায়ী আকবর আলী জানান, মক্রমপুর গ্রামের কৃষকদের অধিকাংশ জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। শুধু বেগমপুর নয়, পুরো নবীগঞ্জ উপজেলার নিচু এলাকার হাওরগুলো পানিতে তলিয়ে গেছে। যে সব কৃষকদের উচু স্থানে জমি ছিল, তা থেকে অনেকেই কিছু ধান সংগ্রহ করেছেন। এগুলো মধ্যে নিজেদের খাবারের ধান রেখে অনেকেই বিক্রি করেছেন। ঈদের পর থেকে কৃষকরা অনেকটা ধান বিক্রি বন্ধ করে দিয়েছেন। যে কারণে আমরা এখন গ্রাম থেকে ধান সংগ্রহ করতে পারছি না। আমরা ধান সংগ্রহ করে পাইকারী ব্যবসায়ী ও মিল মালিকদের কাছে বিক্রি করি।

Manual7 Ad Code

তিনি বলেন, ঈদের আগে মোটা ধান ৮৬০/৮৭০ টাকা দামে ক্রয় করেছি। বর্তমান বাজারে প্রতি মন ধানের দাম বেড়ে ১হাজার টাকা হয়েছে। আর চিকন ধান ১১শ টাকা ক্রয় করতে হচ্ছে। ঈদের আগে চিকন ধানের দাম ছিল ৯২০/৯৩০ টাকা।

Manual3 Ad Code

নবীগঞ্জের বিশিষ্ট ধান চাউল ব্যবসায়ী ছাবির আহমদ চৌধুরী জানান, বর্তমানে পাইকারী ১১শ ৭০ টাকা ধরে চিকন ধান ক্রয় করতে হচ্ছে। বাড়তি দামে ধান ক্রয় করে চাউল উৎপাদন করা হচ্ছে। বাজারে প্রতি বস্তা ২৬০০ টাকা ধরে বিক্রি করতে হচ্ছে। এতে ধান ক্রয় ও উৎপাদন খরচে বাদ দিয়ে প্রতি বস্তা চাউলে আমাদের ৪০/৫০ টাকা লোকসান হচ্ছে। আর ১মাস পূর্বে প্রতি মণ চিকন ধান ১হাজার ৫০টাকা থেকে ১১শ টাকায় ক্রয় করেছি। তখন চালের উৎপাদন খরচ বাদ দিয়ে আমরা মোটামুটি ভাবে লাভবান ছিলাম। তিনি বলেন, সাধারণ ক্রেতাসহ ব্যবসায়ীদের স্বার্থে চাউলের দাম নিয়ন্ত্রণে রাখতে হবে।

হবিগঞ্জ চালকল মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রহমান জানান, হবিগঞ্জে ধান থেকে চাউল উৎপাদনের ৫৪টি মিল রয়েছে। এর মধ্যে ২৩টি সিদ্ধ ও ৭টি ড্রায়ার অটোমেটিক রাইচ মিল রয়েছে। বাকিগুলো আতপ চাউলের। এবারের অকাল বন্যার কারণে কৃষক জমিতে ধান উৎপাদন করতে পারেননি। যে কারণে বছরের শুরু থেকে মিল মালিকরা অন্যান্য বছরের মত চাউল উৎপাদন করতে পারছেন না।

বিশিষ্ট চাল ব্যবসায়ী মুহিত মিয়া জানান, এখন ১১শ থেকে সাড়ে ১১শ টাকা ধরে ধান ক্রয় করতে হচ্ছে। আর মোটা ধান প্রতি মণ ৮৬০/৮৭০ টাকার মধ্যে এখন সাড়ে ৯শ থেকে ১হাজার টাকা ধরে ক্রয় করতে হচ্ছে। তারও আগের তুলনায় অনেকটা কম। ঈদের পূর্বে প্রতি বস্তা আতপ চাউল (সাদা) চিকন ১৮শ ও মোটা ১৬শ টাকা বিক্রি করেছি। সিদ্ধ দুই হাজার টাকায় বিক্রি হয়েছে। এখনও প্রতি বস্তা সাড়ে ৩ থেকে ৪শ টাকা বেড়েছে। চাউলের দাম বাড়ায় বেচাকেনাও কম হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান, নবিগঞ্জের কোন কোন পাইকারী চাউলের ব্যবসায়ীর গুদামে শত শত বস্তা চাউল মুজদ রয়েছে। মজুদদার ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

নবীগঞ্জ বাজার খুচরা চাউল ব্যবসায়ী সিরাজ মিয়া জানান, ঈদের পূর্বে প্রতি কেজি চিকন চাউল ৪৫ টাকা ধরে বিক্রি করেছি। ঈদের পর চাউলের দাম বেড়ে যাওয়ায় প্রতি কেজি ৬০টাকা ধরে বিক্রি করতে হচ্ছে। মোটা চাউল ৩৫/৩৬টাকার স্থলে ৫০ টাকা কেজিতে বিক্রি করছি। তিনি বলেন, চাউলের দাম বেড়ে যাওয়ায় আমরা খুচরা ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। প্রতি কেজিতে ১টাকাও লাভ থাকছে না। অপরদিকে, মজুতদার ব্যবসায়ীরা লাভবান হচ্ছে।

Manual1 Ad Code

হবিগঞ্জ ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা আব্দুস সালাম জানান, চাউলের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা সব সময় বাজার মনিটরিং করছি। দুয়েক দিনে প্রতি কেজি চাউলের দাম ২/৩টাকা কমেছে। চাউলের দাম আরো কমবে। আর কারও গুদামে চাউল মজুদ থাকলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।

তিনি বলেন, হবিগঞ্জের ক্ষতিগ্রস্ত কৃষকসহ দরিদ্র মানুষ ন্যায্যমূল্যে যাতে চাউল পান এজন্য ওএমএস ডিলার চালু হয়েছে। হবিগঞ্জ পৌরসভায় ৫টি, শায়েস্থাগঞ্জ পৌরসভায় ৩টি ও প্রত্যেক উপজেলায় ৩টি করে ডিলার নিয়োগ দেয়া হয়েছে। সেখানে সাধারণ লোকজনের ন্যায্যমূল্যে ৩০টাকা কেজি দরে চাউল দেয়া হবে। প্রতিদিন একজন ডিলার ১টন চাউল বিতরণ করবে। কোথাও অনিয়ম হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code