সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মোবাইল চুরির অভিযোগে এক কিশোরের চুল কেটে জুতার মালা গলায় দিয়ে বেঁধে রাখার ঘটনায় একজনকে পুলিশ আটক করেছে। বুধবার উপজেলার রাগদী ইউনিয়নের টেকেরহাট উত্তরপাড়ে এ ঘটনা ঘটে।
আটক কবির হোসেন শেখ (৪৮) উপজেলার চর প্রসন্নদি গ্রামের কালাই শেখ ওরফে কালা শেখের ছেলে।
কবির হোসেনের ভাই হবি শেখ জানান, টেকেরহাট উত্তরপাড় পপুলার স্কুলের সামনে ফুটপাতে ওই কিশোরের বাবা চায়ের দোকান করেন। সে বাবার দোকানে কাজ করে। মঙ্গলবার রাতে সে তাদের বাড়ি থেকে একটি মোবাইল ফোনসেটসহ মূল্যবান মালপত্র চুরি করে। বুধবার সকালে ওই কিশোরকে মোবাইলসহ আটক করা হয়। সে এর আগেও তাদের বাড়িতে চুরি করেছে বলে তিনি অভিযোগ করেন।
তবে এ অভিযোগ অস্বীকার করেন ওই কিশোরের বাবা। তিনি বলেন, তার ছেলেকে মোবাইল চুরির অপবাদ দিয়ে আটক করে প্রথমে বেদম মারধর করা হয়। পরে মাথার চুল কেটে গলায় জুতার মালা দিয়ে তাকে টেকেরহাট বন্দরে ঘোরায় কবির হোসেন। এক পর্যায়ে তাকে গাছের সঙ্গে বেঁধেও নির্যাতন করা হয়।
পুলিশের এসআই জালাল উদ্দিন বলেন, চুলকাটা ও হাত বাঁধা অবস্থায় টেকেরহাট পপুলার স্কুলের সামনে থেকে উদ্ধার করেছি। তাকে মারধর করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, কিশোরকে উদ্ধারের সময় গলায় জুতার মালা পাইনি। এ ছাড়া তার কাছে কোনো মোবাইলও পাইনি। আটক দুইজনকে বিকেলে মুকসুদপুর থানায় পাঠানো হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি