সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৭
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার পর এবার পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী স্বীকৃতি দিয়েছে মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)।
আজ বুধবার জেরুজালেম সংকট নিয়ে তুরস্কের বাণিজ্যিক নগরী ইস্তাম্বুলে অনুষ্ঠিত এই শীর্ষ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়। এই সম্মেলনে ওআইসিভুক্ত ৫৭টি মুসলিম দেশের ৪৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করে। এছাড়া এতে অংশ নিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো।
সম্মেলন থেকে ফিলিস্তিন এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের (ইসরাইল কর্তৃক) দখলকৃত রাজধানী হিসেবে ঘোষণা দিতে বিশ্বের অন্যান্য দেশে প্রতি আহ্বান জানানো হয়।
এছাড়া ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটাতে জাতিসংঘের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি সিদ্ধান্ত থেকে ফিরে না আসলে এর পরিণতির দায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে নিতে হবে বলেও সম্মেলনের যৌথ ঘোষণায় হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
যৌথ ঘোষণায় বলা হয়, ‘জেরুজালেমকে দখলদার শক্তির তথাকথিত রাজধানী স্বীকৃতির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের একক সিদ্ধান্তকে ওআইসি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে এবং নিন্দা জানায়।’
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক আইনের এই ‘ভয়াবহ লঙ্ঘনের’ বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কোনো পদক্ষেপ নিতে ব্যর্থ হলে বিষয়টি জাতিসংঘ সাধারণ পরিষদে নেয়ারও প্রত্যয় ঘোষণা করে ৫৭টি দেশের এই সংস্থা।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর শহর জেরুজালেম। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা, ‘ওল্ড সিটি’খ্যাত শহরটি বিভক্ত মুসলিম, ইহুদি, খ্রিস্টান ও আর্মেনীয় বসতিতে; যেখানে আছে বিভিন্ন ধর্মের অনেক পবিত্র স্থাপনা।তাই নগরীর পবিত্রতা নিয়ে মতভেদ না থাকলেও নিয়ন্ত্রণের অধিকার নিয়ে আছে নানা বিতর্ক; আছে দফায় দফায় দখল, পুনর্দখল, ধ্বংস আর পুনর্নির্মাণের রক্তক্ষয়ী ইতিহাস। সবচেয়ে বেশি টানাপড়েন, পবিত্র ভূমি ‘হারাম আল শরিফ’-কে ঘিরে।
চলমান ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের কেন্দ্র এ এলাকায় অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ আল-আকসা বা বায়তুল মুকাদ্দাসসহ মুসলিমদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।
সম্প্রতি পুরো বিশ্বের মতামতকে উপেক্ষা করে ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো রাষ্ট্র হিসেবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র।
প্রায় ৭০ বছরের মার্কিন পররাষ্ট্রনীতি লঙ্ঘন করে জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের যে স্বীকৃতি দিয়েছে তার আসল কারণ বিশ্লেষন করেছেন অনেকে।
তাদের মতে ট্রাম্পের আশঙ্কা, তিনি যদি এই স্বীকৃতি না দেন তাহলে মার্কিন খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভোট ব্যাংক হারাবেন তিনি। ট্রাম্পের উপদেষ্টারাও বলেছেন, গত বছরের মার্কিন নির্বাচনে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়েছেন।
এক পরিসংখ্যান মতে, আমেরিকায় বর্তমানে প্রায় ৫ কোটি খ্রিস্টান ধর্মাবলম্বীর মানুষ রয়েছে। এরা বাইবেলের ভবিষ্যদ্বাণীকে মনে-প্রাণে বিশ্বাস করে। সাম্প্রতিক এক জরিপ মতে, ৮২ ভাগ শ্বেতাঙ্গ খ্রিস্টান বিশ্বাস করে যে, ইসরাইলের ব্যাপারে প্রভু ইহুদিদের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। মাত্র ৪০ ভাগ মার্কিন ইহুদি বাইবেলের এই বাণীকে বিশ্বাস করে।
দ্য ইন্ডিপেনডেন্ট জানায়, সারা বিশ্বের নেতাদের হুশিয়ারি সত্ত্বেও বুধবার ট্রাম্প এ ব্যাপারে ঘোষণা দেন। এরপরই যুক্তরাষ্ট্রের খ্রিস্টানরা ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানায় এবং ‘জেরুজালেম প্রেয়ার’ বলে এক প্রার্থনা কর্মসূচির ডাক দেয়।
এদিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতির ঘোষণা বাতিল করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে আরব লীগ। অন্যদিকে প্রাচীন এই শহরটিকে ইসরায়েলের রাজধানী হিসাবে ঘোষণা করার মার্কিন সিদ্ধান্তকে খারিজ করে দিয়েছে জাতিসংঘ। ট্রাম্পের ওই ঘোষণার পর থেকে উত্তেজনা বেড়েই চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি