দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, প্রেসক্লাবের নিন্দা

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৬

দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, প্রেসক্লাবের নিন্দা

Manual4 Ad Code

জকিগঞ্জ প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা জুবায়ের আহমদকে মুঠোফোনে ‘দেখে নেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাব। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।

 

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হুমকির বিষয়টি প্রকাশ করেন সাংবাদিক জুবায়ের আহমদ। তাঁর অভিযোগ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর একটি প্রভাবশালী মহলের পক্ষ থেকে ফোন করে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

 

জানা গেছে, সম্প্রতি জকিগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামদের দায়িত্ব ও পরিচয়, সরকারি সম্মানী ভাতার আবেদন এবং মসজিদের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেন তিনি। ‘জকিগঞ্জ কেন্দ্রীয় মসজিদ: ইমামতির পরিচয় নিয়ে বিতর্ক, তদন্তের দাবি ৬৪ মুসল্লির’ শিরোনামের ওই প্রতিবেদনে মসজিদের বিভিন্ন নথিতে তথ্যের অসংগতি তুলে ধরা হয়।

 

প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালের জুলাই থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ের অডিট প্রতিবেদনে মাওলানা জুবায়ের আহমদকে হিসাবরক্ষক হিসেবে উল্লেখ করা হলেও সরকারি সম্মানী ভাতার আবেদনপত্রে তাঁকে ইমাম হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। অন্যদিকে, হাফিজ নুরুল ইসলামকে একটি প্রত্যয়নপত্রে ২০১৭ সাল থেকে ইমাম হিসেবে দায়িত্ব পালনকারী উল্লেখ করা হলেও অডিট প্রতিবেদনে তাঁকে ‘সানি ইমাম’ হিসেবে দেখানো হয়েছে।

 

Manual7 Ad Code

এ ছাড়া দীর্ঘদিন দায়িত্ব পালনকারী দুই ইমাম ও খতিব মাওলানা মুশাহিদ আহমদ কামালী এবং মুফতি মাওলানা আবুল হাসানের নাম বাদ দিয়ে অন্য দুজনের নাম সরকারি সম্মানী ভাতার আবেদনে অন্তর্ভুক্ত করার বিষয়টিও প্রতিবেদনে উঠে আসে।

 

এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ডা. আব্দুল হান্নান জানান, আবেদনপত্রের বিষয়বস্তু না পড়েই তিনি তাতে স্বাক্ষর করেছিলেন। কমিটির নির্বাহী সভাপতি মোস্তাক আহমদ দাবি করেন, হাফিজ নুরুল ইসলাম মসজিদের অন্যতম ইমাম এবং মাওলানা জুবায়ের আহমদও বিভিন্ন সময়ে ইমামতির দায়িত্ব পালন করেছেন।

Manual4 Ad Code

 

মসজিদের আর্থিক ব্যবস্থাপনা নিয়েও তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় মুসল্লি ও ব্যবসায়ীরা। গত ৮ নভেম্বর ৬৪ জনের স্বাক্ষরিত একটি আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়। এতে ২০১১ সাল থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত মসজিদের আয়-ব্যয়, ব্যাংক লেনদেন, দান-অনুদান ও নির্মাণকাজের ব্যয় যাচাইয়ের পাশাপাশি স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন পরিচালনা কমিটি গঠনের দাবি জানানো হয়।

 

এ ঘটনায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েক বলেন, ‘সাংবাদিকতা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার হাতিয়ার নয়; বরং জনস্বার্থে সত্য ও তথ্যনির্ভর সংবাদ প্রকাশ করাই সাংবাদিকদের দায়িত্ব। কোনো সংবাদে তথ্যগত ভুল থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রতিবাদ, ব্যাখ্যা কিংবা আইনগত প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে মুঠোফোনে হুমকি দেওয়া অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের ভয়ভীতি দেখিয়ে অনুসন্ধানী সাংবাদিকতার কণ্ঠরোধ করা যাবে না। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে হুমকির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সাংবাদিক জুবায়ের আহমদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করছি।’

 

(সুরমামেইল/এএইচএল)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code