সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৭
দেশে কোনো ধর্মের মানুষই নিরাপদ নয় উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সকলের ওপর অত্যাচার নিপীড়ন অব্যাহত রয়েছে। ভালো আছে শুধু ক্ষমতাসীনরা, কারণ তারা দেশটাকে নিজস্ব সম্পত্তি মনে করে।
শনিবার (২৩ ডিসেম্বর) রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
আমরা দেশে গণতন্ত্র চাই, বহুদলীয় গণতন্ত্র চাই জানিয়ে খালেদা বলেন, সবার অংশগ্রহণে যাতে দেশে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয় সেটি আমরা চাই। সেই নির্বাচন হতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। তা না হলে কিন্তু কখনোই নিরপেক্ষ নির্বাচন হবে না। তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচন না হলে দেশের মানুষ ভোটকেন্দ্রে যাবেন না, গত নির্বাচন তার প্রমাণ।
২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনের কথা তুলে ধরে খালেদা বলেন, ওই নির্বাচনে ক‘জন লোক গিয়েছিল ভোট দিতে? যদি সত্যিকার নির্বাচনই হয় তাহলে কী করে ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলো। এখনও তারা চায় আবারো সেই রকমভাবে।
তিনি বলেন, বড়দিন ও নববর্ষে আমরা প্রত্যাশা করবো- আগামী বছরে গণতন্ত্র ফিরবে; শান্তি ফিরে আসবে। পরে সবাইকে নিয়ে বড়দিনে কেক কাটেন বিএনপি চেয়ারপারসন।
বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যালবার্ট পি কস্টার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জন গোমেজ, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব সুব্রত উইলিয়াম রোজারিও প্রমুখ বক্তব্য রাখেন।
Design and developed by ওয়েব হোম বিডি