সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, আগস্ট ১, ২০১৬
সুরমা মেইল ডেস্ক : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে যমুনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশু ও দুই নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সোয়া ১১টার দিকে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের দক্ষিণ পাশের যমুনায় ভাসমান অবস্থায় এসব মরদেহ উদ্ধার করা হয়।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, যমুনা নদীতে দু’টি বস্তা ভেসে আসতে দেখে সন্দেহ হওয়ায় থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে বস্তা দু’টি উদ্ধার করে। বস্তা খুলে দুই নারী ও এক শিশুর মরদেহ দেখতে পাওয়া যায়।
তিনি জানান, একটি বস্তায় শিশুটি ও এক বিবস্ত নারী এবং অপর বস্তায় আরেক নারীর মরদেহ ছিল। দুই নারীর বয়স আনুমানিক ৩৫ বছর এবং শিশুটির বয়স ৫ বছর হবে।
মরদেহগুলোর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দুপুর দেড়টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ওই নারীদের ধর্ষণ করা হয়েছে কিনা, সে বিষয়ে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে থানা থেকে পরামর্শ দেয়া হয়েছে বলে জানান ওসি।
Design and developed by ওয়েব হোম বিডি