সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৯
আন্তর্জাতিক ডেস্ক : হিমালয়ের দেশ খ্যাত নেপালের মধ্যাঞ্চলে অতিরিক্ত যাত্রী বহনকারী একটি বাস পাহাড় থেকে খাদে পড়ে গেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১১ জন নিহত ও আরও কমপক্ষে একশ আটজন গুরুতর আহত হন। যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
সরকারি কর্মকর্তাদের বরাতে ভারতীয় গণমাধ্যম ‘এনডিটিভি’ জানায়, শনিবার (১২ অক্টোবর) দুপুরের দিকে বাসটি সিন্ধুপাল চক নামক এলাকা থেকে অতিরিক্ত যাত্রী নিয়ে রাজধানী কাঠমন্ডুর দিকে যাচ্ছিল। পরে স্থানীয় পাহাড়ি এলাকায় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারালে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসটিতে যে যাত্রীরা অবস্থান করছিল তাদের প্রায় সবাই হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব দশাইন পালনের জন্য রাজধানী অভিমুখে যাচ্ছিল।
এ দিকে উদ্ধারকারী দলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা ‘এএফপি’কে বলেছেন, ‘দুর্ঘটনার সময় পাহাড়ি সড়কে মোড় নিতে গিয়ে বাসটি প্রায় ৫০ মিটার গভীর একটি খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। এতে শতাধিক যাত্রী গুরুতর আহত হন। যাদের মধ্যে ৩৯ জনকে কেবল উদ্ধারের পর চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাছাড়া বাকিদের উদ্ধার অভিযান এখনো অব্যাহত আছে।’
অপরদিকে হতাহতের সর্বশেষ তথ্য জানিয়ে জেলা কর্মকর্তা দেবী চেমজং বলেছেন, ‘দুর্ঘটনাস্থলেই ছয়জন ও বাকি পাঁচজনকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আমরা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্তকাজ শুরু করেছি। তাছাড়া আহতদের উদ্ধার এবং চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম এখনো চলছে।’
বিশ্লেষকদের মতে, পাহাড়বেষ্টিত এই নেপালের সড়কগুলোর বেহাল অবস্থার কারণে দেশটিতে প্রায়ই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিশেষ করে যখন কোনো উৎসবের সময় আসে ঠিক তখনই এর পরিমাণ আরও কয়েকগুণ বৃদ্ধি পায়। কেননা সেই সময় সড়কগুলো বেশি ব্যস্ত এবং গণপরিবহনগুলোতে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের মতো ঘটনাও বৃদ্ধি পায়।
Design and developed by ওয়েব হোম বিডি