সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯
সুরমা মেইল ডেস্ক : বাংলাদেশ থেকে বাইসাইকেল আমদানির আগ্রহ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কলকাতার হোটেল তাজ বেঙ্গলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করে এই আগ্রহের কথা জানান তিনি।
সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় মমতা বলেন, পশ্চিমবঙ্গে বাইসাইকেলের বিশাল চাহিদা রয়েছে। পশ্চিমবঙ্গে বাইসাইকেল রপ্তানি করে বাংলাদেশ এই সুযোগটি কাজে লাগাতে পারে।
এ বিষয়ে দুটি প্রস্তাব রেখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের উদ্যোক্তারা পশ্চিমবঙ্গে যৌথ উদ্যোগে বাইসাইকেল শিল্প স্থাপন করতে পারে এবং তার সরকার তাদের জন্য জমি বরাদ্দ দেবে। প্রয়োজনে বাংলাদেশ-ভারত যৌথভাবেও এ ধরনের শিল্প স্থাপন করতে পারে বলে মন্তব্য করেন মমতা ব্যানার্জি।
তিনি বলেন, কোনো ব্যবসায়ী বাংলাদেশ সীমান্তে বাইসাইকেল কারখানা করে পশ্চিমবঙ্গে বাইসাইকেল আমদানি করলে তাদের পরিবহন খরচ কম হবে।
বৈঠকে মমতা পশ্চিমবঙ্গের সমাজকল্যাণ বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বলেন, সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্প এসব ক্ষেত্রে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করতে পারে।
এ সময় শেখ হাসিনা বলেন, বাংলাদেশের শিক্ষার্থীদের বিনামূল্যে বই এবং বৃত্তি ও উপ-বৃত্তিসহ বিভিন্ন সহায়তা দেয়া হচ্ছে। উপবৃত্তির টাকা সরাসরি শিক্ষার্থীদের মায়ের মোবাইল অ্যাকাউন্টে পাঠানো হয়।
এসময় তিনি বাংলাদেশ প্রতিনিধি দলকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেয়া আতিথেয়তায় ধন্যবাদ জানান। জবাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভারত বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখতে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
এসময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর সচিব সাজ্জাদুল হাসান, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী এবং ঢাকায় ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাস উপস্থিত ছিলেন।
কলকাতায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচ দেখতে শুক্রবার সকালে সংক্ষিপ্ত সফরে ভারত গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ঘণ্টা বাজিয়ে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট ম্যাচটি উদ্বোধন করেছেন।
Design and developed by ওয়েব হোম বিডি