সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, জুন ৭, ২০২০
সুরমামেইলডটকম: ভারতে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৬২৮। ফলে শনাক্ত রোগীর সংখ্যার দিক থেকে স্পেনকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম শীর্ষ স্থানে পৌঁছে গেছে ভারত। দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬ হাজার ৯২৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৮৭ জন।
রোববার (৭ জুন) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস) এর পরিচালক ডা. রনদীপ গুলেরিয়া বলেন, ‘আগামী দুই থেকে তিন মাস পর্যন্ত ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়া অব্যাহত থাকতে পারে। তবে জাতীয় পর্যায়ে গণসংক্রমণ এখনো দেখা যায়নি।’
ভারতে গত ২৪ ঘণ্টায় সর্বাধিক ৯ হাজার ৯৭১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। রাজ্যটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৮২ হাজার ৯৬৮। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৯ জন।
এরপর সর্বাধিক আক্রান্ত রাজ্য তামিলনাড়ু। রাজ্যটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৩০ হাজার ১৫২। এ রাজ্যে টানা ছয় দিন ধরে দৈনিক এক হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে।
ভারতে কোভিড-১৯ রোগীদের সুস্থতার হার ৪৮ দশমিক ৩৫ শতাংশ। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৯ হাজার ২৯৩ জন।
বিথী
Design and developed by ওয়েব হোম বিডি