সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জুলাই ২৯, ২০১৮
ভারতের বিভিন্ন রাজ্যে বর্ষা মৌসুমে টানা বর্ষণ ও বন্যায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত উত্তরপ্রদেশ, উড়িষ্যা, গুজরাট, কেরালা, পশ্চিমবঙ্গ, রাজস্থান, মহারাষ্ট্র, আসামের মতো রাজ্যগুলিতে ৫৩৯ জনের প্রাণহানি হয়েছে।
শনিবার (২৮ জুলাই) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যাশনাল ইমারজেন্সি রেসপন্স সেন্টারের (এনইআরসি) বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ সংবাদ প্রকাশ করেছে।
টানা বর্ষণে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায় এই পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে। গুজরাটের ২১৩ টি গ্রামে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে গুজরাতের ৮৯ টি পাকা বাড়ি ও ১ হাজার ৪১৩ টি বাড়ি ধসে পড়েছে। ইতোমধ্যে ১৫ হাজার ৯১২ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মহারাষ্ট্রে পানিতে ডুবে মৃত্যু হয়েছে ১২৮ জনের। আহত হয়েছেন ১১৭ জনের উপর মানুষ। বিরামহীন বৃষ্টির ফলে অসমে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অসমে ১ হাজার ২২৪ টি গ্রামে নতুন করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১০ লক্ষেরও বেশি মানুষ সমস্যায় পড়েছেন। একটানা বৃষ্টির ফলে ৪২৮ টি বাড়ি ধসে গিয়েছে। আংশিক ক্ষতি হয়েছে ৪ হাজার ৬০৯ টি বাড়ি। ৩৪ হাজার ৯২১ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ভারতের কেরালা রাজ্যেও দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। কেরালার ২ হাজার ২৩২ টি গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ৫ হাজার ১৮৩ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৪২৭ টি বাড়ি পুরোপিরি ধসে গিয়েছে, ১১ হাজার ২৭৬ টি বাড়ির আংশিক ক্ষতি হয়েছে।
এছাড়া বন্যাকবলিত সব রাজ্যেই বিপুলসংখ্যক গবাদিপশুর প্রাণহানি ও নিখোঁজ হওয়ার খবর মিলেছে। বন্যার কারণে দেখা দিয়েছে নানা ধরনের রোগ-অসুস্থতাও। তবে কবলিতদের আতঙ্কিত না হয়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে পরামর্শ দিয়েছে সরকার।
Design and developed by ওয়েব হোম বিডি