সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৩ পূর্বাহ্ণ, মে ২৪, ২০১৮
যে মুসলিমরা বাস চালান বা হাসপাতালে কাজ করেন রমজানের সময় তাদের ছুটি নেয়া উচিত। এমন মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ডেনমার্কের অভিবাসন মন্ত্রী ইনগার স্টোইবার্গ।
কট্টর অভিবাসন নীতি প্রণয়নের জন্য আলোচনায় আসা এই মন্ত্রী বলেন, মুসলমানরা রোজা রেখে কাজ করলে তারা সমাজের বাকি অংশের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করতে পারেন।
তার মতে, সারাদিন ধরে রোজা রেখে কাজ করলে আধুনিক সমাজের জন্য চ্যালেঞ্জ তৈরি হয়। স্টোইবার্গ বিশেষ করে বাসচালক এবং হাসপাতাল কর্মী হিসেবে যারা কাজ করেন তাদের কথা বলেছেন। কিন্তু মন্ত্রীর এ কথার পর সবচেয়ে আগে জবাব দিয়েছে বাস কোম্পানিগুলোই। তারা বলছে, রমজান নিয়ে তাদের কোন সমস্যা নেই।
স্টোইবার্গ এক নিবন্ধে লিখেছিলেন, ডেনমার্কে যে মুসলিমরা রোজা রাখছেন তারা ১৮ ঘন্টা খাদ্য বা পানি খেতে পারবেন না। কিন্তু আধুনিক ডেনমার্কে কাজের সময় কখনো কখনো লম্বা হয় এবং অনেক সময় বিপজ্জনক যন্ত্র চালাতে হয়। তাই কোন বাস চালক যদি ১০ ঘন্টার বেশি সময় কিছু না খেয়ে থাকেন তাহলে নিরাপত্তা এবং উৎপাদনশীলতা ব্যহত হতে পারে।
তিনি বলেন, আমি আহ্বান জানাচ্ছি মুসলিমরা যেন রমজান মাসে কাজ থেকে ছুটি নেন-যাতে সমাজের বাকিদের ওপর কোন নেতিবাচক প্রভাব না পড়ে। কিন্তু এর জবাবে আভিভা নামে একটি বাস পরিচালনাকারী প্রতিষ্ঠানের মুখপাত্র পিয়া হামারশোই স্প্লিটর্ফ একটি পত্রিকাকে বলেন, রোজা রেখে বাস চালানোর সময় ড্রাইভার দুর্ঘটনা ঘটিয়েছেন এমন কখনো ঘটে নি। কাজেই এটা আমাদের জন্য কোন সমস্যা নয়।
Design and developed by ওয়েব হোম বিডি