সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৭
হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় ট্রাক চাপায় জিসান আহমেদ (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান আহমেদ শহরের নোয়াবাদ এলাকার আব্দুস শহীদের ছেলে ও হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, শহরের রাজনগর এলাকা দিয়ে জিসান আহমেদ ও তার এক সহপাঠী মোটরসাইকেল যোগে বৃন্দাবন কলেজ এলাকায় যাচ্ছিলেন। এ সময় রাজনগর মহিলা কলেজ সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জিসান নিহত হয়।
এ সময় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ট্রাকে আগুন ধরিয়ে দেয় এবং রাস্তা অবরোধ করে রাখে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, ট্রাক চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকের ড্রাইভার জামাল উদ্দিনকে আটক করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি