সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮
ভারতে মুম্বাইয়ের ঘনবসতিপূর্ণ উপশহর ঘাটকোপরে মঙ্গলবার দুপুরে একটি চার্টার্ড বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত পাঁচ জন নিহত হয়েছেন। বিমানে থাকা দু’জন পাইলট এবং দু’জন রক্ষণাবেক্ষণ প্রকৌশলী নিহত হয়েছেন। বিমান বিধ্বস্ত এলাকায় একজন নিহত হয়েছেন। ইতোমধ্যে উদ্ধারকাজে নেমেছে দমকল কর্মীরা। তারা দুজনের লাশ উদ্ধার করেছে।
জানা গেছে, উত্তর প্রদেশ সরকারের বিচক্রাফট কিং এয়ার সি৯০ বিমানটি অবতরণের ঠিক আগে গাটকোপরে ভেঙে পড়ে। একটি নির্মাণাধীন বহুতল ভবনের কাছেই ভেঙে পড়ে বিমানটি। সঙ্গে সঙ্গে তাতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। কালো ধোঁয়ায় গোটা এলাকা ভরে যায়। খবর পেয়ে সেখানে ছুটে আসে দমকলের বেশ কয়েকটি গাড়ি। চলছে আগুন নেভানোর কাজ।
ভারতের বেসামরিক বিমান সংস্থার মহাপরিচালক জানান, বিমানটি পরীক্ষামূলকভাবে জুহু বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
এদিকে এলাকাটিতে ঘন জনবসতি থাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। দুর্ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। সূত্র : জি নিউজ ও এনডিটিভি
Design and developed by ওয়েব হোম বিডি