সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০১৮
ইয়েমেনে নতুন করে আরো ১০ লাখ শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে বলে সতর্ক করে দিয়েছে সেভ দ্য চিলড্রেন। দেশটিতে বর্তমানে মোট ৫২ লাখ শিশু দুর্ভিক্ষের সম্মুখীন বলে জানিয়েছে সংস্থাটি। ইয়েমেনে যুদ্ধের কারণে বাড়তে থাকা খাদ্যমূল্য ও ইয়েমেনি মুদ্রার অব্যাহত দরপতনে খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকির মধ্যে পড়া পরিবারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এর সঙ্গে আরো একটি হুমকি যুক্ত হয়েছে। দেশটির বিদ্রোহী অধিকৃত এলাকাগুলোতে পাঠানো ত্রাণের অধিকাংশই প্রধান সমুদ্র বন্দর হুদেইদাহের মধ্য দিয়ে ওই এলাকাগুলোতে যায়। কিন্তু হুদেইদাহের চারপাশে চলা লড়াইয়ের কারণে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ ঝুঁকির মুখে পড়েছে। এতে বিদ্যমান পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।
লন্ডনভিত্তিক এই আন্তর্জাতিক ত্রাণ সংস্থাটি আরো জানাচ্ছে, ইয়েমেনে বর্তমানে সবমিলিয়ে মোট ৫২ লাখ শিশু দুর্ভিক্ষের সম্মুখীন।
এক বিবৃতেতে সেইভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী হেল থর্নিং-শ্মিট বলেন, ‘লাখ লাখ শিশু জানে না পরবর্তী খাবারটি কখন পাবে অথবা আদৌ পাবে কি না। উত্তর ইয়েমেনের (বিদ্রোহী নিয়ন্ত্রিত) একটি হাসপাতালে গিয়েছিলাম, সেখানে শিশুদের কান্না করারও শক্তি নেই, ক্ষুধায় তাদের দেহ অবসন্ন হয়ে গেছে।’
জাতিসংঘের তথ্যানুযায়ী, ইয়েমেনের যুদ্ধে এ পর্যন্ত প্রায় ১০ হাজার লোক নিহত হয়েছে, যাদের দুই-তৃতীয়াংশ বেসামরিক। আর এ যুদ্ধে আহত হয়েছে আরো ৫৫ হাজার ব্যক্তি। ২০১৫ সালের শুরুর দিবে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানাসহ দেশটির পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকা দখল করে নেয়। এরপর দেশটির প্রেসিডেন্ট আব্দরাব্বু মনসুর হাদি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন।
মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত আরেকটি শিয়া গোষ্ঠীর উত্থানের ভয়ে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আরব দেশ হাদিকে ফের ক্ষমতায় বসানোর লক্ষ্যে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে ইয়েমেনজুড়ে যুদ্ধ চলছে। সূত্র: বিবিসি
Design and developed by ওয়েব হোম বিডি