সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৮
ইতালিতে প্রচণ্ড ঝড় ও ভারি বৃষ্টিপাতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। ঝড়ে ১ কোটি ৪০ লাখ গাছ ভেঙে বা উপড়ে পড়েছে।শনিবার দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা এ কথা জানিয়েছে।
সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন, বৈরী আবহাওয়াজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত মোট ১৭ জনের মৃত্যুর খবর পেয়েছেন তারা। তাদের অনেকেই ঝড়ে পড়ে যাওয়া গাছের আঘাতে নিহত হয়েছেন।
ইতালির কৃষি উৎপাদনের সঙ্গে জড়িত কোম্পানিগুলোর অ্যাসোসিয়েশন কোলদিরাইত্তি এক বিবৃতিতে জানিয়েছে, তীব্র ঝড়ে প্রায় এক কোটি ৪০ লাখ গাছ ধ্বংস হয়েছে। দেশের দূর উত্তরাঞ্চলেই এ ধরনের ঘটনা বেশি ঘটেছে বলে জানিয়েছে তারা।
দূর উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিসিলি পর্যন্ত এলাকাগুলো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ভেনিসের আশপাশের উত্তরাঞ্চলীয় এলাকা ত্রেনটিনো ও ভেনেতো। ভূমিধসের কারণে এলাকা দুটির রাস্তাগুলো বন্ধ হয়ে গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
ভেনিসের ১০০ কিলোমিটার উত্তরে বেল্লুনোর কাছে আল্পসে ঝড়ে পাইন ও রেড স্প্রুস গাছ সারিধরে ভেঙে পড়েছে। আরও উত্তরে অস্ট্রিয়ার সীমান্তের কাছে কোমেলিকো সুপেরিয়োরে বাঁধের ওপরের অংশ ঝড়ে পড়ে যাওয়া গাছের গুঁড়িতে ঢাকা পড়েছে এবং সেগুলো গিয়ে পিয়াভে নদীতে পড়েছে।
ভেনেতোর গভর্নর লুকা জাইয়া বলেছেন, এই অঞ্চলে ঝড়ের ক্ষয়ক্ষতি অন্তত এক বিলিয়ন ইউরোর সমান হবে। বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি জানিয়েছেন, ভেনেতোর ওপর দিয়ে ১৮০ কিলোমিটার ঘণ্টা বেগে ঝড় বয়ে গেছে, ওই এলাকার পরিস্থিতি মহাপ্রলয়ের মতো হয়ে গেছে।
রবিবার ইতালির উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির ওই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। খবর রয়টার্স
Design and developed by ওয়েব হোম বিডি