সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮
সৌদি নেতৃত্বাধীন জোটের ১১৩ সেনাকে নিহত এবং ১৫৬ সেনাকে আহত করে তাদের হুদাইদা বন্দরনগরী দখলের প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সশস্ত্র বাহিনী।
রোববার প্রকাশিত এক প্রতিবেদনে ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পার্স টুডে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, তাদের সেনাবাহিনী হুদাইদার নিরাপত্তা বলয়ের ভেতরে ঢোকার ব্যাপারে সৌদি জোটের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।
চলতি সপ্তাহের প্রথম দিকে হুদাইদা বন্দর দখলের জন্য ১০ হাজারের বেশি সেনা মোতায়েন করে সৌদি জোট। এই বন্দর দিয়েই শুধু বহির্বিশ্ব থেকে খাদ্য ও পণ্য সহায়তা ইয়েমেনে ঢুকতে পারে।
সৌদি জোট এটি দখল করতে পারলে দুর্ভিক্ষের মুখে থাকা লাখ লাখ ইয়েমেনির জন্য সহায়তা আসা বন্ধ হয়ে যাবে। গত কয়েক মাস ধরে সৌদি জোট বারবার এটি দখলের চেষ্টা করেছে। কিন্তু তারা প্রবল প্রতিরোধের মুখে পড়ে।
প্রসঙ্গত, দেশটিতে ২০১৫ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত হুথি গ্রুপকে লক্ষ্য করে বারবার বিমান হামলা চালাচ্ছে সৌদি জোট। এসব হামলায় ১০ হাজারেরও বেশি লোক মারা গেছে। এছাড়া ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কিন্তু সৌদি জোট দাবি করে আসছে, তাদের লক্ষ্য বেসামরিক নাগরিক নয়।
Design and developed by ওয়েব হোম বিডি