সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২১
সুরমা মেইল ডেস্ক :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শনিবার (১১ ডিসেম্বর) আপনারা দেখেছেন আমাদের প্রতিষ্ঠান র্যাব ও র্যাব কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। তারা সেদেশে যেতে পারবে না। তাদের সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে। এটা দেশের জন্য অনেক বড় লজ্জার ঘটনা।
তিনি বলেন, আমার বয়স ৭৪ বছর। আমি কোনো দিন শুনিনি, পাকিস্তান আমলে হোক, বাংলাদেশে হোক, আমাদের কোনো প্রতিষ্ঠানের ওপরে, কোনো কর্মকর্তাদের ওপরে এ ধরনের কলঙ্কজনক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিস ইজ শেম অন আওয়ার কান্ট্রি। আজকে আওয়ামী লীগ সেই অবস্থা তৈরি করেছে। তারা নিজেদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এই প্রতিষ্ঠানগুলো ব্যবহার করেছে।
রোববার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে সংগঠনের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।
তিনি বলেন, দুঃখ হয় আমাদের সেনাবাহিনীর সাবেক প্রধান তাকেও যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে। আমরা এমন একটা অসভ্য বর্বর, অগণতান্ত্রিক দেশে পরিণত হয়েছি আমাদের রাষ্ট্রের যারা ওপরের দিকে আছে, যাদের ওপরে রাষ্ট্র নির্ভর করে তাদেরকে আজকে বিভিন্ন রাষ্ট্র গ্রহণ করতে রাজি হচ্ছে না। তারা (আওয়ামী লীগ) আমাদের জন্য বিপদজ্জনক। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। লজ্জা হয়, দুঃখ হয়, যখন আমরা দেখি এই সরকারের একজন প্রতিমন্ত্রী কী অশালীন ভাষায় কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমরা একটা ভয়াবহ সঙ্কটের মধ্যে আছি। এ সঙ্কট শুধু বিএনপির না, এটা গোটা জাতির। আমাদের সব অর্জনগুলোকে তারা ধ্বংস করে দিয়েছে। মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে সত্যিকার অর্থে একটা বন্দি জাতিতে পরিণত করেছে।
আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয় দাবি করে তিনি বলেন, এটা এখন একটা দানবে পরিণত হয়েছে। আওয়ামী লীগ এখন কিন্তু দেশ চালায় না। দেশ চালায় আমলা আর সাবেক আমলারা।
বিএনপির মহাসচিব আরো বলেন, দেশনেত্রী খালেদা জিয়া এখন হাসপাতালে। একটা মিথ্যা মামলা সাজিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। কারণ একটাই দেশনেত্রী খালেদা জিয়াকে বাইরে রাখা যাবে না। তার মধ্যে যে ক্ষমতা আছে মানুষকে জাগিয়ে তোলার, সেই লড়াইকে ক্ষমতাসীনরা ভয় পায়। চিকিৎসকরা ইতোমধ্যেই বলেছেন, তার (খালেদা জিয়া) যে চিকিৎসা দরকার সেটা এদেশে নেই। তাকে বাইরে নিয়ে যেতে হবে। কিন্তু সরকার তাতে কর্ণপাত করছে না।
তিনি বলেন, তাকে বিদেশে পাঠানোর জন্য শুধু কথায় কাজ হবে না। আমরা যে আন্দোলন শুরু করেছি, এই আন্দোলনকে আরও দুর্বার গতিতে করতে হবে। দুর্বার গণআন্দোলনের মধ্যে দিয়ে তাকে মুক্ত করে বাইরে পাঠাতে হবে। এজন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠন যদি শক্তিশালী না থাকে তাহলে কোনো আন্দোলনই সফল হবে না।
Design and developed by ওয়েব হোম বিডি