সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২২
নিজস্ব প্রতিবেদক :
মজুরি বাড়ানোর পর চা-শ্রমিকরা তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। চা-শ্রমিকদের নতুন মজুরি ন্যূনতম ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২০ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে এক সভা শেষে ধর্মঘট প্রত্যাহারের কথা জানানো হয়। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল মজুরি বৃদ্ধির পর ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চা-শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে সরকারের এই প্রস্তাব শ্রমিকেরা মেনে নিয়েছেন।
তিনশ টাকা মজুরির দাবিতে শনিবার অষ্টম দিনের মতো চা শ্রমিকদের আন্দোলন চলছিল। ধর্মঘট চলাকালে সরকার ও মালিকপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও মজুরি নিয়ে কোনো সমাধান না আসায় অনির্দিষ্টকালের জন্য আন্দোলন চালানোর ঘোষণা দিয়েছিল শ্রমিকরা।
এরই মধ্যে শনিবার বিকালে শ্রীমঙ্গল উপজেলায় বিভাগীয় শ্রম দপ্তরের কার্যালয়ে চা-শ্রমিকদের সংগঠন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক শুরু হয়। বেলা তিনটার দিকে শুরু হওয়া সেই বৈঠক থেকে সিদ্ধান্ত আসার পর চা-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা এল।
Design and developed by ওয়েব হোম বিডি