‘কানাইঘাটের পরিত্যক্ত কূপে’ তেল-গ্যাস অনুসন্ধানের দাবি শাম্মী আক্তারের

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৬

‘কানাইঘাটের পরিত্যক্ত কূপে’ তেল-গ্যাস অনুসন্ধানের দাবি শাম্মী আক্তারের

Manual4 Ad Code

মুমিন রশিদ, কানাইঘাট:
সিলেটের কানাইঘাট উপজেলার বড়চাতল এলাকায় অবস্থিত পরিত্যক্ত ‘আটগ্রাম-১নং কূপ’ এবং সংশ্লিষ্ট ভূগর্ভস্থ তেল-গ্যাস সম্ভাবনা আধুনিক প্রযুক্তিতে পুনর্মূল্যায়ন করে পুনরায় অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য এবং উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের জন্য সিলেট-৫ আসনের দায়িত্বে থাকা এমপি শাম্মী আক্তার।

 

এ বিষয়ে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদে একটি সম্পূরক প্রশ্নের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

 

জকিগঞ্জ উপজেলার আটগ্রাম সংলগ্ন এলাকা হচ্ছে কানাইঘাটের বড়চাতল এলাকা এবং সেই হিসেবে এটার নাম অফিসিয়াল ডকুমেন্টে ‘আটগ্রাম কূপ’ হিসেবে উল্লেখিত রয়েছে।

 

সম্পূরক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বিষয়টি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করা হবে। ৪৫ বছর আগে পরিত্যক্ত কূপে মিলেছিল গ্যাসের উপস্থিতি, পুনরায় অনুসন্ধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস মন্ত্রী দেওয়ায় বিষয়টি আবারো সামনে এলো।

 

এরআগে সংসদে দাখিলকৃত একটি নোটিশে শাম্মী আক্তার উল্লেখ করেন, কানাইঘাট উপজেলার বড়চাতল এলাকায়, বাংলাদেশ-ভারত সীমান্তের প্রায় এক কিলোমিটার দূরে ১৯৭৮ থেকে ১৯৮১ সালের মধ্যে তেল-গ্যাসের সম্ভাবনাময় একটি ক্ষেত্রের সন্ধান পাওয়া যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে এই অঞ্চলে অনুসন্ধান ও খনন কার্যক্রম গতি পায়। তাঁর মৃত্যুর পর ১৯৮১ সালের ২৫ জুন পেট্রোবাংলা আনুষ্ঠানিকভাবে ‘আটগ্রাম-১’ কূপের খননকাজ শুরু করে।

 

নোটিশে প্রদত্ত তথ্য অনুযায়ী, কূপটি ১৬ হাজার ২৭৬ ফুট গভীরতা পর্যন্ত খনন করা হয়েছিলো। খননকালে ছয়টি সম্ভাবনাময় ভূ-স্তরে প্রাকৃতিক গ্যাসের শক্তিশালী উপস্থিতি ও প্রবাহ পাওয়া যায়। পরীক্ষামূলকভাবে কূপটি থেকে দৈনিক গড়ে ০.১৫৭ মিলিয়ন ঘনফুট গ্যাস এবং ১ হাজার ২৩৪ ব্যারেল তরল উপাদান পাওয়া যাচ্ছিলো। তবে কিছুদিন পর ভূগর্ভস্থ চাপ কমে যাওয়ায় কূপটির স্বাভাবিক গ্যাস প্রবাহ বন্ধ হয়ে যায়। তৎকালীন প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও উত্তোলনের উচ্চ ব্যয়ের কারণে ১৯৮২ সালের ১০ জুন কূপটিকে বাণিজ্যিকভাবে অলাভজনক ঘোষণা করে পরিত্যক্ত করা হয়।

 

শাম্মী আক্তারের মতে, আশির দশকের অনুসন্ধান ও খনন প্রযুক্তির সঙ্গে বর্তমান সময়ের প্রযুক্তির ব্যাপক পার্থক্য রয়েছে। আধুনিক ত্রিমাত্রিক (থ্রিডি) সিসমিক জরিপ, উন্নত ভূতাত্ত্বিক বিশ্লেষণ, গভীর খনন এবং রিজার্ভার ব্যবস্থাপনা প্রযুক্তি ব্যবহার করে কূপটির প্রকৃত সম্ভাবনা নতুন করে যাচাই করা সম্ভব।

 

Manual8 Ad Code

তিনি তাঁর নোটিশে আরো উল্লেখ করেন, অতীতে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়া অনেক ক্ষেত্র আধুনিক প্রযুক্তির সহায়তায় পুনরায় অনুসন্ধান ও উত্তোলনের আওতায় আনা হচ্ছে। ফলে কয়েক দশক আগে পরিত্যক্ত আটগ্রাম-১ কূপের ক্ষেত্রেও নতুন করে সম্ভাব্যতা যাচাই করা প্রয়োজন।

 

বর্তমানে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা, বৈদেশিক মুদ্রার ওপর চাপ এবং আমদানি নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, দেশীয় জ্বালানি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা জরুরি। আটগ্রাম-১ কূপে অতীতে গ্যাস ও তরল হাইড্রোকার্বনের উপস্থিতি পাওয়ার তথ্য থাকায় আধুনিক প্রযুক্তিতে পুনর্মূল্যায়ন করা হলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। এ জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সের মাধ্যমে অথবা অভিজ্ঞ কোনো বিদেশি কোম্পানির সঙ্গে যৌথ বিনিয়োগে (জয়েন্ট ভেঞ্চার) কূপটির এলাকায় আধুনিক ত্রিমাত্রিক সিসমিক জরিপ পরিচালনা এবং পুনরায় তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

 

Manual8 Ad Code

কানাইঘাট-জকিগঞ্জসহ সিলেট অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার সঙ্গে জড়িত এই সম্ভাবনাময় ক্ষেত্রটি পুনরায় অনুসন্ধানের বিষয়ে মন্ত্রীর ইতিবাচক আশ্বাস স্থানীয়ভাবে নতুন আশার সঞ্চার করবে বলে মনে হয়।

 

Manual2 Ad Code

উল্লেখ্য, অর্ন্তবর্তীকালিন সরকারের সময়ে স্থানীয় উপজেলা প্রশাসনের মাধ্যমে ইহার বাস্তবতার উপর বিভিন্ন তথ্য-উপাত্ত নেওয়া হয়েছে।

 

স্থানীয় লোকজন জানিয়েছেন, কূপটি বন্ধ হওয়ার পর থেকে অদ্যবদি পর্যন্ত আশপাশের বিস্তৃর্ণ ফসলী জমিতে এখনো তেলের ভুদ ভুদ শব্দ সহ গন্ধ পাওয়া যায়।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এফএ/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code