সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২২
সুরমা মেইল ডেস্ক :
বিএনপি, জামায়াত ও এলডিপি ব্যতীতই বিএনপি সমমনা ২০ দলীয় জোটের ১২টি পৃথক জোট গঠন করেছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই জোট আত্মপ্রকাশ করে।
বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান তার বক্তব্যে জানান, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি এবং এর ২৭ দফা রূপরেখার সমর্থনে থাকবে এই জোট।
১২ দলীয় এই জোটে রয়েছে- মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জাতীয় পার্টি (কাজী জাফর), মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীকের নেতৃত্বে বাংলাদেশ কল্যাণ পার্টি, মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে বাংলাদেশ লেবার পার্টি, সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল, কেএম আবু তাহেরের নেতৃত্বে এনডিপি, এলডিপির (একাংশ), অ্যাডভোকেট জুলফিকার বুলবুল চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ মুসলিম লীগ, মুফতি মহিউদ্দিন ইকরামের নেতৃত্বে জমিয়তে উলামায়ে ইসলাম, মাওলানা আবদুর রকীবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোট, ব্যারিস্টার তাসমিয়া প্রধানের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), নুরুল ইসলামের নেতৃত্বে বাংলাদেশ সাম্যবাদী দল, অ্যাডভোকেট আবুল কাসেমের নেতৃত্বে বাংলাদেশ ইসলামিক পার্টি।
নতুন এই রাজনৈতিক জোট আজ তাদের সাত দফা দাবি উন্মোচন করেছে।
এর আগে গত সোমবার, শীর্ষ বিরোধী নেতৃবৃন্দ তাদের সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের গতি ও ব্যাপ্তি বাড়াতে ২০ দলীয় জোট অনানুষ্ঠানিকভাবে ভেঙে দেন।
Design and developed by ওয়েব হোম বিডি