সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২৩
রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ঢেপ্পোছড়ি এলাকায় কাঠবাহী চলন্ত ট্রাকে সন্ত্রাসীর এলোপাতাড়ি ব্রাশ ফায়ারে ট্রাক চালক আহত হয়েছে। তার নাম ছৈয়দ আলম (৩৪)।
পুলিশ, হাসপাতাল ও ট্রাক চালক ইউনিয়ন সূত্র জানিয়েছে, রাঙামাটি- চট্টগ্রাম সড়কের ঢেপ্পোছড়ি এলাকায় মঙ্গলবার আনুমানিক সকাল সোয়া নয়টার সময় কাঠবাহী চলন্ত ট্রাকের (নং-চট্টমেট্রো-ট-১১০৭৯৯) ওপর সশস্ত্র উপজাতীয় সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। এতে ট্রাকটির চালক মো: ছৈয়দ আলম বাম পায়ে গুলিবিদ্ধ হয়। আহত ট্রাক চালককে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ট্রাক চালক চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলাধীন রানীরহাটের ঠান্ডাছড়ি এলাকার বাসিন্দা। সন্ত্রাসীদের এলোপাতাড়ি ব্রাশ ফায়ারে ট্রাকের সামনের দু’টি চাকাও ফেটে গেছে।
ট্রাকে অবস্থান করা কাঠের চালানদার জাকির হোসেন জানিয়েছে, সকালে রাঙামাটি থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে দেপ্পোছড়ির পাহাড়ি খাড়া রাস্তা পাড় হবার সময় ডান পাশের জঙ্গল থেকে আকস্মিকভাবে ব্রাশ ফায়ার করে। এতে ট্রাকের দুই চাকা ফেটে যায় এবং গাড়ির বড়ি ছিদ্র হয়ে চালকের পায়ে গুলি লাগে। আমি দ্রুত তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসি।
পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই স্থানীয় নিরাপত্তা বাহিনী ঘটনা পৌঁছে সম্ভাব্য স্থানে তল্লাশী চালিয়েছে। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতোপূর্বেও একই এলাকায় উপজাতীয় সন্ত্রাসীরা একাধিকবার নাশকতা চালিয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো: শওকত আকবর খান সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ ট্রাক চালককে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত রয়েছে।
এদিকে বিক্ষুব্ধ চালকরা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বেলা ১১টা থেকে টায়ার জ্বালিয়ে এবং সড়কে অবস্থান নিয়ে রাঙামাটি- চট্টগ্রাম সড়ক অবরোধ করে রাখে।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ওসি মোহাম্মদ আরিফুল আমিন বলেন, আমরা সন্ত্রাসীদের আটকে চেষ্টা চালাচ্ছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
(সুরমামেইল/এমআইকে)
Design and developed by ওয়েব হোম বিডি