সিলেট ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৩
দিরাই সংবাদদাতা :
সুনামগঞ্জের দিরাই উপজেলা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের নুনু মিয়া ও হুমায়ূন আজাদের লোকদের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাড়ইল গ্রামের নুনু মিয়া ও হুমায়ূনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর আগে দু’পক্ষ একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে; এসব ঘটনায় মামলাও চলছে। দুপক্ষের দ্বন্দ্ব মেটাতে একাধিবার সালিশ বৈঠক করেও কোনো কাজে আসেনি। কয়েকদিন আগে উপজেলা প্রশাসনও দুপক্ষকে নিয়ে আপসের চেষ্টা করে; কিন্তু তাতেও লাভ হয়নি।
কুলঞ্জ ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল ওয়াদুদ বলেন, দুপক্ষ সংঘর্ষে জড়াতে পারে এমন ধারণা তারা আগের দিন থেকেই করতে পেয়েছিলেন।
জানা যায়, সংঘর্ষ ও গোলাগুলিতে আহত হয়েছেন নান্নু মিয়া, গৌছ মিয়া, তাজিম আহমেদ, তানিছ, রাবেল, অলিউর রহমান, আব্দুল নূর, রাজিব মিয়া, সুজন মিয়া, মাহিদ মিয়া, ফরসাদ মিয়া, তানভীর, মনি মিয়া, রবিউল, মনসাদ, আবুল কালাম, অমিত হাসান, নুনু মিয়া, বদরুল, হুমায়ুন আজাদ, মহিবুল, রেজা ও সাজ্জুল।
আহতদের প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক হাবিব উল্লাহ সরকার এ তথ্য জানিয়েছেন।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ অতিরিক্ত মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, এখনো কোনো মামলা হয়নি।
(সুরমামেইল/ডিএসএস)
Design and developed by ওয়েব হোম বিডি