সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৪
হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বাহুবল উপজেলায় কবরস্থানে গরু চরানোতে বাঁধা দেওয়ার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি আব্দুল হান্নানকে (৫২) গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বাহুবল মডেল থানা পুলিশ তাকে আদালতে তুললে সেখান থেকে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত আব্দুল হান্নান উপজেলার দক্ষিণ দৌলতপুর গ্রামের আব্দুস শহিদের ছেলে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, শনিবার ভোরে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল বাহুবল উপজেলার রামপুর চা বাগানের ম্যানেজার বাংলোয় অভিযান চালায়। সেখান থেকে আব্দুল হান্নানকে আটক করে। তাকে বাহুবল মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ তাজুল হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে।
নিহত তাজুল ইসলাম বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সম্প্রতি গ্রামের কবরস্থানে গরু-ছাগল চরানো যাবে না বলে এলাকাবাসী সিদ্ধান্ত নিলে দক্ষিণপাড়ার সোনাহর মিয়া তা অমান্য করেন। তিনি গত ৯ অক্টোবর সকালে কবরস্থানে গরু-ছাগল চরাতে গেলে তাজুল বাধা দেন। পরে ক্ষিপ্ত হয়ে সোনাহরের লোকজন তাজুলের ওপর হামলা করেন। সে সময় বুকে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
পরে ১৩ অক্টোবর নিহত তাজুলের ছোট ভাই সাইদুল ইসলাম বাহুবল মডেল থানায় নয়জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
(সুরমামেইল/এমএকে)
Design and developed by ওয়েব হোম বিডি