সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৬
কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাট ঝিঙ্গবাড়ি ইউনিয়নের গণিকান্দি গ্রামে কথিত জরিমানার টাকা আদায়কে কেন্দ্র করে সংর্ঘষের পর গোষ্টি প্রথা নিয়ে দুই পক্ষের মধ্যে আবারো উত্তোজনা বিরাজ করছে। এনিয়ে যেকোন সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে বলে অনেকে জানিয়েছেন।
জরিমানার টাকা আদায় ও শালিস বিচারকে কেন্দ্র করে গত ৭ নভেম্বর দুপুরে গণিকান্দি পশ্চিম জামে মসজিদ প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংর্ঘষের ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।
এ ঘটনায় গণিকান্দি গ্রামের সাজিদ আলীর পুত্র সাবেক ইউপি সদস্য মর্তুজা আলী বাদী হয়ে একই গ্রামের মৃত শামছুল হকের পুত্র সাইফ উদ্দিন, আব্দুস শহিদের পুত্র আব্দুন নুরসহ ২৬ জনের নাম উল্লেখ করে রোববার (১৫ নভেম্বর) কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর রাতে মর্তুজা আলীর পুত্রবধু লুবনা আক্তারে বসত ঘরে চুরি করার উদ্দেশ্যে পার্শ্ববর্তী বাড়ির সমছুর উদ্দিনের পুত্র আব্দুস সোবহান ঘরে প্রবেশ করে স্বর্ণ অলঙ্কার ও নগদ টাকা চুরি করার সময় লুবনা আক্তার চুরির ঘটনাটি দেখে ফেললে আব্দুস সোবহানকে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
এমন অভিযোগ এনে মর্তুজা আলী বাদী হয়ে আব্দুস সোবহানকে আসামী করে মামলা করলে তদন্তের পর চুরির ঘটনার সত্যতা পেয়ে থানা থেকে সোবহানের বিরুদ্ধে চার্জশীট প্রদান করা হয়। মামলায় আব্দুস সোবহান প্রায় মাসখানিক হাজতবাস করে। মামলাটি বর্তমানে বিচারাধীন থাকা অবস্থায় লুবনা আক্তারের ঘরে চুরির ঘটনাটি সত্য নয় বরং এটি অনৈতিক কর্মকান্ড দাবী করে গত ১ নভেম্বর মহল্লার মসজিদে এ নিয়ে শালিস বৈঠক বসে।
এনিয়ে শালিসে একই গ্রামের আব্দুর রকিবের পুত্র ইসলাম উদ্দিন গংরা উত্তেজনা সৃষ্টি করে লুবনা আক্তার দোষী বলে আখ্যায়িত করে মর্তুজা আলীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায়ের চেষ্টা করেন সাইফ উদ্দিন ও আব্দুন নুর সহ তাদের লোকজন। আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে বলে মর্তুজা আলী জরিমানার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তারা তার কাছ থেকে জোরপূর্বক ১০ হাজার টাকা আদায় করে পরবর্তী ৭ নভেম্বর শালিসের দিন ধায্য করেন। উল্লেখিত তারিখে মহল্লার মসজিদে ফের বিচার বসলে মর্তুজা আলী একই জবাব দেন। এতে ক্ষিপ্ত হয়ে সাইফ উদ্দিন ও আব্দুন নুর গংরা দেশীয় লাঠিসোটা নিয়ে মর্তুজ আলী গংদের উপর হামলা করে।
এ হামলায় মর্তুজ আলী পক্ষের ১০জন আহত হন। আহতদের মধ্যে মুহিবুর রহমান, দিলোয়ার, ফরিদ উদ্দিন, শাকেল উদ্দিন, চান মিয়া ও দুলাল আহমদ আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। সংঘর্ষের ঘটনার খবর পেয়ে ঝিঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ বিষয়টি সামাজিক ভাবে নিষ্পত্তি করার জন্য উভয় পক্ষের সাথে কথা বলেন। প্রথমে দুইপক্ষ শালিসে রাজি হলেও পরবর্তীতে সাইফ উদ্দিন পক্ষ শালিস বিচার প্রত্যাখান করে বলে মর্তুজা আলীর পক্ষের লোকজন জানান। যার কারনে সংর্ঘষের ৯ দিন পর প্রতিকার চেয়ে মর্তুজা আলী বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।
এলাকার মুরব্বী সাইদুল্লাহ, সুরুজ আলী জানান, ঘটনাটি নিষ্পত্তির জন্য মুরব্বীয়ানরা উদ্যোগ নিলেও তা শেষ হয়নি। নতুন করে আবারো উদ্যেগ গ্রহণ করা হবে বলে জানান। এ ব্যাপারে সাইফ উদ্দিন গংদের পক্ষে ইসলাম উদ্দিনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন লুবনা আক্তার ও আব্দুস ছোবহানের উপর একটি অনৈতিক ত্বকমা উঠলে গ্রামের রছুম (নিয়ম) অনুযায়ী আমরা দুই পক্ষের উপর ১০ হাজার করে জরিমানা করি, আব্দুস সোবহানের পক্ষের জরিমানা আদায় হলেও মর্তুজা আলী জরিমানা দিতে অপারগতা প্রকাশ করলে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়।
এদিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বকর জানিয়েছেন, উভয় পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে শান্তি শৃঙ্খলার স্বার্থে বিষয়টি সামাজিক ভাবে নিষ্পত্তির জন্য দুই পক্ষের সাথে আলোচনা করেছি এবং তা মিমাংসার জন্য এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি।
(সুরমামেইল/এমআর)
Design and developed by ওয়েব হোম বিডি