এআই, ড্রোন ও সাইবার প্রযুক্তিতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬

এআই, ড্রোন ও সাইবার প্রযুক্তিতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী

Manual3 Ad Code

মেইল ডেস্ক:
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলছে সরকার। এ লক্ষ্যে সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন, ইলেকট্রনিক যুদ্ধ ও মহাকাশভিত্তিক নজরদারিতে সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

শনিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

 

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান বিশ্বের নিরাপত্তাব্যবস্থা প্রথাগত সামরিক সীমা ছাড়িয়ে বহুমাত্রিক ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠছে। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে সেনা, নৌ ও বিমানবাহিনীর সক্ষমতা সমন্বিত করতে সরকার নতুন ‘প্ল্যানিং গাইডেন্স’ প্রণয়ন করেছে।

 

তিনি বলেন, স্থলভাগের পাশাপাশি দেশের আকাশ ও সমুদ্রসীমার সার্বভৌমত্ব নিশ্চিত করাও জরুরি। এ জন্য সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও শক্তিশালীকরণে নেওয়া কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়েছে।

 

২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’
সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, যৌথ মানবসম্পদ ব্যবস্থাপনার উন্নয়নে ‘জয়েন্ট সার্ভিসেস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বোর্ড’ গঠন করা হয়েছে। আগামী ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র‍্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতিসহ বর্তমান ও সাবেক সামরিক সদস্যদের কল্যাণে নেওয়া পদক্ষেপগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে।

 

সশস্ত্র বাহিনীর শক্তি ও সফলতার জন্য ‘চেইন অব কমান্ড’, সততা, দক্ষতা, শৃঙ্খলা এবং জনগণের আস্থার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

মায়ের স্মৃতিচারণায় প্রধানমন্ত্রী
বক্তব্যের শুরুতে প্রয়াত মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণা করেন তারেক রহমান। তিনি বলেন, খালেদা জিয়া এই সেনানিবাসে জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন। প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা হিসেবে বহুবার সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। তবে ২০২৫ সালের সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানই ছিল তার জীবনের শেষ এ ধরনের আয়োজন।

 

মায়ের স্মৃতিচারণা করতে গিয়ে আবেগাপ্লুত প্রধানমন্ত্রী তার রুহের মাগফিরাত কামনা করেন এবং সবার কাছে দোয়া চান।

 

Manual7 Ad Code

‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় ঐক্যের আহ্বান
সশস্ত্র বাহিনী দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমানবাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলেছিল। তাই মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ইতিহাস একই সূত্রে গাঁথা।

 

এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে ভূমিকা ও স্বাধীনতার ঘোষণা দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন।

 

বক্তব্যে ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন ও দেশের সার্বভৌমত্ব দুর্বল করার ষড়যন্ত্র হয়েছে।

 

তারেক রহমান বলেন, জনগণ, জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার ও সশস্ত্র বাহিনীর মধ্যে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা অটুট থাকলে দেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না।

Manual4 Ad Code

 

তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি একটি নিরাপদ, স্বনির্ভর ও গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

 

সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা
দেশের দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

 

তিনি বলেন, বন্যা, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। একইভাবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও বাংলাদেশের নারী ও পুরুষ সামরিক সদস্যরা সুনাম অর্জন করেছেন।

Manual8 Ad Code

 

দেশে ও বিদেশে দায়িত্ব পালনকালে নিহত সামরিক সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তাঁদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহত সদস্যদের প্রতি সহমর্মিতা জানান তিনি।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code