সিলেট ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৫, ২০২৬
সুনামগঞ্জ প্রতিনিধি:
জেলার জামালগঞ্জে গভীর রাতে সুরমা নদীতে ঘুমন্ত অবস্থায় বালুভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নৌকায় থাকা অপর চার শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও দু’জন এখনো নিখোঁজ রয়েছে।
নিখোঁজ শ্রমিকেরা হলেন- জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের আবুল কাশেমের ছেলে মোবাশ্বির (২৫) ও একই গ্রামের পিয়াস উদ্দিনের ছেলে মারুফ (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, ইনাতনগর গ্রামের গোবিন্দ দাসের মালিকানাধীন তমা নৌ-পরিবহনের বালুবাহী নৌকাটি ৭৫০ ফুট বালুভর্তি অবস্থায় নৌকাটি সাচনা বাজার মাছঘাট সংলগ্ন চামারবাড়ী ঘাট এলাকায় সুরমা নদীতে নোঙর করা ছিল। নৌকাটিতে ছয়জন শ্রমিক ছিলো। তাদের মধ্যে দুজন নৌকার বিশ্রামকক্ষে ঘুমিয়ে ছিলেন এবং অন্য চারজন বালুর ওপর বসে ছিলেন। রাত দেড়টার দিকে হঠাৎ নৌকার ভেতরে পানি ঢুকতে শুরু করে। একপর্যায়ে খুঁটির সঙ্গে বাঁধা নোঙরের রশি ছিঁড়ে নৌকাটি সুরমা নদীর গভীরে ডুবে যায়। এ সময় বিশ্রামকক্ষে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক পানির নিচে তলিয়ে নিখোঁজ হন। অপর চার শ্রমিক সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন।
এ ঘটনায় মোস্তাকিম ও সুমন নামের দুই শ্রমিক আহত হয়েছেন। তাদের জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। অপর দুই শ্রমিক আমিরুল ও অনু দাস সুস্থ রয়েছেন।
ঘটনার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ নিখোঁজ দুই শ্রমিককে উদ্ধারে অভিযান চালাচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।
জামালগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক সজল কানু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতে বালুভর্তি একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাদের এখনো সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
(সুরমামেইল/এসডি)
Design and developed by ওয়েব হোম বিডি