বেকার নার্সদের কাফন মিছিল, সন্ধ্যায় আমরণ অনশন

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০১৬

বেকার নার্সদের কাফন মিছিল, সন্ধ্যায় আমরণ অনশন

Manual4 Ad Code

ছবি : সংগৃহীত

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : কাফনের কাপড় পরে মিছিল করেছেন আন্দোলনরত বেকার নার্সরা। এ ছাড়া আজ সন্ধ্যা থেকে  আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে তারা মিছিল বের করেন। মিছিলটি দোয়েল চত্বর হয়ে টিএসসি থেকে শাহবাগে যায়। সেখান থেকে ঘুরে পল্টন মোড় গিয়ে আবার প্রেসক্লাবের সামনে আসে।

বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস জানান- ৫০০ বেকার নার্স কাফনের কাপড় পড়ে মিছিল করেছেন। তবে মিছিলে আরো অনেক নার্স ছিলেন। কাফনের কাপড় ৫০০’র বেশি না থাকায় সবাই কাফন পরতে পারেননি। সন্ধ্যা থেকে আমরণ অনশনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে আমরণ অনশন শুরু করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে।

বাংলাদেশ বেকার ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার বলেন- ২৫ দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোনো সাড়া দেননি।

Manual3 Ad Code

এদিকে কাফনের কাপড় পরে মিছিল করার আগে বেকার নার্সদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক সাংসদ শিরিন আখতার। তিনি বলেন, আপনাদের যৌক্তিক এবং ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে আমি একাত্বতা প্রকাশ করছি। আপনাদের এ আন্দোলন বৃথা যাবে না। ২৫ দিন যাবত আপনারা প্রেসক্লাবের মতো জায়গায় আন্দোলন করে যাচ্ছেন, শেখ হাসিনার সরকার চুপ করে থাকতে পারে না।

Manual5 Ad Code

উল্লেখ্য, পরীক্ষার মাধ্যমে নার্স নিয়োগের জন্য ২৮ মার্চ বিজ্ঞপ্তি দেয় সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর প্রতিবাদে ও বিজ্ঞপ্তি বাতিল করে আগের মতো ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে গত ৪ এপ্রিল থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান করছেন এই বেকার নার্সরা। সেই থেকে তারা বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করলেও সরকারের পক্ষ থেকে কোন সাড়া পাননি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code