বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ছিলেন হৃত্বিক রোশন ও তার স্ত্রী সুজান খান। বিচ্ছেদ হয়েছে মাত্র দেড় বছর হলো। আর এই দেড় বছরে নাকি একে অপরের মুখও দর্শন করেননি তারা। তবে বিচ্ছেদের পর সম্প্রতি এই প্রথম একসঙ্গে দেখা গেল হৃত্বিক-সুজানকে।
গত ১ মে সান্তাক্রুজ রেস্টুরেন্টে একান্তে কিছু সময় কাটিয়েছেন হৃত্বিক-সুজান। তবে এ সময় তাদের সঙ্গে ছিলেন দুই পুত্র রেহান (১০) ও ঋধান (৮)। ওইদিন ছিল ছোট ছেলে হৃধানের ৮ বছরের জন্মদিন। ছেলের জন্মদিন সেলিব্রেট করতেই রবিবার সান্তাক্রুজ রেস্টুরেন্টে সুখী পরিবারের মতো একসঙ্গে সময় কাটিয়েছেন তারা।
এ বিষয়ে হৃত্বিকের ঘনিষ্ঠসূত্র জানায়, অন্যান্য বাবা-মায়ের মতো সন্তানের জন্মদিনকে স্মৃতিময় করে রাখতে চেয়েছেন হৃত্বিক ও সুজান। ২০১৪ সালে বিচ্ছেদের পর এই প্রথম একসঙ্গে দেখা গেল তাদের।
হৃত্বিকের ক্যারিয়ার বলতে যখন কিছুই ছিল না সে সময় থেকে সম্পর্কে জড়িয়েছিলেন সুজান খান। এককালের বলিউড সুপারস্টার সঞ্জয় খানের মেয়ে সুজান, সে সময় হৃত্বিকের থেকে অনেক বেশি প্রতিষ্ঠিতও ছিলেন। তবুও হৃত্বিককে ছেড়ে চলে যাননি। আর তাই হৃত্বিক ও সুজানের বিবাহ বিচ্ছেদ বহু লোককেই বিষ্মিত করেছিল।