সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫০ পূর্বাহ্ণ, জুলাই ১৫, ২০১৬
সুরমা মেইল নিউজ : লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি গ্রামে এক প্রবাসীর ঘরের দরজা ভেঙে এক গৃহবধূকে তুলে নিয়ে রাতভর গণধর্ষণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বুধবার গভীর রাতের ওই ঘটনায় ১০ জনকে আসামি করে চন্দ্রগঞ্জ থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা হয়েছে। ভুক্তভোগী নিজেই বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন আইনে এ মামলা করেন। আসামিরা সবাই চরশাহী ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মী বলে নিশ্চিত করেছে দলীয় ও স্থানীয় সূত্র। আসামিরা হল-উপজেলার রামপুর গ্রামের ফাহাদ হোসেন, হূদয়, গিয়াস উদ্দিন, মো. পারভেজ; তিতারকান্দি গ্রামের আদনান, রিয়াত হোসেন, শাহজাহান, পারভেজ, রোকন উদ্দিন ও জহির।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ওই গৃহবধূ তার ভাই রকি ও বন্ধু আবদুর রাজ্জাককে নিয়ে ওই ইউনিয়নে প্রবাসী খালুর বাড়িতে বেড়াতে আসেন। রাতে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে একই গ্রামের ফাহাদের নেতৃত্বে আদনান, রোকন, পিয়াস ও হূদয়সহ ৮ থেকে ১০ জন ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে। এ সময় তারা ২৪ হাজার ৪০০ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন সেট লুটে নেয়।
একপর্যায়ে ওই গৃহবধূ, তার ভাই রকি ও বন্ধু আবদুর রাজ্জাককে অস্ত্রের মুখে ঘর থেকে তুলে নিয়ে যায়। পরে ইউনিয়নের একটি বাড়িতে রকি ও আবদুর রাজ্জাককে মারধর করে আটকে রেখে। বাড়ির ছাদে নিয়ে ওই গৃহবধূকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে দুর্বৃত্তরা। পরদিন বুধবার তার খালার কাছ থেকে ২৫ হাজার টাকা মুক্তিপণ আদায় করে সকাল ১০টার দিকে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পরে এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় সন্ধ্যায় আদনান নামে এক যুবলীগ কর্মীকে আটক করা হয়।
সদর হাসপাতালের আরএমও আনোয়ার হোসেন জানান, কয়েকজন যুবক কর্তৃক পালাক্রমে ধর্ষণের বিষয়টি ভুক্তভোগী তাকে জানিয়েছেন। তবে তিনি ডাক্তারি পরীক্ষা (শারীরিক ও গোপন অঙ্গ) করাতে রাজি হননি। ভিকটিম মানসিকভাবে বিপর্যস্ত।
চরশাহী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন জানান, এ ঘটনায় যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, গণধর্ষণের ঘটনায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাটির তদন্ত চলছে।
Design and developed by ওয়েব হোম বিডি