বিনোদন ডেস্ক : মডেলিং ও অভিনয়ে দেশে সবার প্রশংসা পাওয়ার পাশাপাশি দেশের বাইরেও সবার নজর কেড়েছেন ২০১১ সালে ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখা অপ্সরা আলী। গত বছর মালয়েশিয়ার কুয়ালালামপুরে শেষ হওয়া মিস কসমোপলিটান-২০১৫ প্রতিযোগিতায় তিনি ছিলেন সেরা দশ সুন্দরীর মধ্যে। আর এবার অপ্সরা নির্বাচিত হয়েছেন মিস বাংলাদেশ ২০১৬।
আর তারই ধারাবাহিকতায় বাংলাদেশের এই সেরা সুন্দরী এবার অংশ নিতে যাচ্ছেন ‘মিস এশিয়া-২০১৬’ প্রতিযোগিতায়। আগামী ১৮ই আগস্ট ভারতের কেরালার কোচিতে এ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।
আর এ অনুষ্ঠানে যোগ দিতে দুই-একদিনের মধ্যেই ভারতে যাচ্ছেন অপ্সরা আলী। তার স্পন্সর হিসেবে রয়েছে দেশের অন্যতম বিজ্ঞাপন এজেন্সি এবং ইমপ্রেস গ্রুপের সিস্টার কনসার্ন আই পজেটিভ কমিউনিকেশন্স লিমিটেড। এ প্রসঙ্গে অপ্সরা আলী বলেন, চ্যানেল আই আমাকে আজকের এই প্লাটফর্ম করে দিয়েছে।
আর এবার আমার পাশে আছে আই পজেটিভ কমিউনিকেশন্স লিমিটেড। আশা করি এবারও ভালো কিছু করতে পারবো। এছাড়াও অপ্সরার অনুষ্ঠানের ন্যাশনাল কস্টিউম ক্যাটাগরিতে স্পন্সর হিসেবে রয়েছে আনোখি।

