সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৭
সুরমা মেই ডেস্ক :: গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের পাঁচ আরোহী নিহত হয়েছেন।
রোববার সকালে কালিয়াকৈর উপজেলার নয়ানগর এলাকায় মৈত্রী ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর ট্রেনটির বগি লাইনচ্যুত হয়েছে। ফলে ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ওই রুটের বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে।
কালিয়াকৈর থানার এসআই রাসেল শেখ জানান, ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী ট্রেনটি সকাল সোয়া ৯টার দিকে নয়ানগর এলাকায় যখন পৌঁছে সে সময় একটি প্রাইভেটকার অরক্ষিত রেলক্রসিং পার হতে চেষ্টা করে। লাইনে উঠে পড়া কারটি ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই নারী, দুই শিশু ও প্রাইভেটকারচালক নিহত হন।
জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর থেকে ঢাকা-রাজশাহী রেল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে ওই রুটের বিভিন্ন স্টেশনে চাপাই এক্সপ্রেস, সুন্দরবন, ধুমকেতু ও নীলসাগর এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি