সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০১৭
ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে সৃষ্ট উত্তেজনার মাঝে শুক্রবার এসব ফিলিস্তিনি প্রাণ হারালেন।
ফিলিস্তিনের কয়েকটি সূত্র জানিয়েছে, পশ্চিম তীরের আল-বীরে শহরের বায়তুল চেকপয়েন্টে ইসরাইল সেনারা শুক্রবার বিকেলের দিকে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করে। ইসরাইলি সেনারা দাবি করছে, ওই ফিলিস্তিনি নাকি সেনাদেরকে ছুরি মারার চেষ্টা করেছেন। ইহুদিবাদীরা দাবি করছে, ফিলিস্তিনি নাগরিকের ছুরি মারার চেষ্টায় এক ইসরাইলি সেনা আহত হয়েছে।
বাসিল ইসমাইল নামে আরেক ফিলিস্তিনি নাগরিক শহীদ হয়েছেন পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরে। ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরাইলি সেনারা গুলি চালালে তিনি শহীদ হন।
ইয়াসির সোকার নামে ৩২ বছর বয়সী এক বিক্ষোভকারী অবরুদ্ধ গাজা উপত্যকার শাজাইয়া এলাকায় শহীদ হয়েছেন। অজ্ঞাত পরিচয় আরো এক ফিলিস্তিনি গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের গুলিতে শহীদ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর ফিলিস্তিনের নাগরিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন এবং ইসরাইলি সেনারা নির্বিচারে অসহায় ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি