সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩১ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৭
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেয়ার প্রতিবাদে মালয়েশিয়ায় বিশাল সমাবেশ হয়েছে। শুক্রবার ওই সমাবেশে নেতৃত্ব দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক।
তিনি বলেন, মুসলমানদের পবিত্র স্থান বায়তুল মুকাদ্দাস রক্ষায় তার দেশ সব কিছু করতে প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়টি গুরুত্বপূর্ণ নয় বলে তিনি ঘোষণা করেন।
তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমরা আমাদের অবস্থানে অটল রয়েছি। আমরা স্বাধীন ও স্বার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থন ঘোষণা করছি। বায়তুল মুকাদ্দাসকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখতে চাই।’
এদিনের বিক্ষোভ সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদসহ দেশটির প্রভাবশালী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তাদের সবাই বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতির তীব্র নিন্দা জানিয়েছেন। মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রাজায়াতে জুমার নামাজের পর এ সমাবেশের আয়োজন করা হয়। এতে অন্তত ১০ হাজার মানুষ অংশ নেয়।
মালয়েশিয়ার খ্রিষ্টানদের সংগঠন ‘অ্যানকম’-এর সদস্যরাও এই সমাবেশে অংশ নিয়েছেন। অ্যানকম’র সভাপতি জোশুয়া হং বলেন, ‘আমরা এ সমাবেশে অংশ নিয়েছি। কারণ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প রাজনৈতিক স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছেন।’
গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করেন। এই প্রথম কোনো দেশ মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান বায়তুল মুকাদ্দাসকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিল। জাতিসংঘের সাধারণ পরিষদ মার্কিন প্রেসিডেন্টের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে প্রস্তাব পাস করেছে।
ট্রাম্প আন্তর্জাতিক ভাড়াটে গুণ্ডা: মাহাথির মুহাম্মদ
জেরুজালেম প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘আন্তর্জাতিক ভাড়াটে গুণ্ডা’ বলে অভিহিত করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। পবিত্রভূমি জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় তাকে ‘ভিলেন’ হিসেবেও আখ্যা দেন তিনি।
গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা দেন ট্রাম্প। এ ঘোষণার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। ট্রাম্পের সিদ্ধান্তের জেরে কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনে শনিবার (১৬ ডিসেম্বর) এক বিক্ষোভে অংশ নেন ৯৩ বছর বয়সী মাহাথির মোহাম্মদ।
সমাবেশ তিনি প্রশ্ন তোলেন, ট্রাম্পের এ সিদ্ধান্তকে কেন সন্ত্রাসবাদ বলা হবে না? মাহাথির বলেন, আমরা আন্তর্জাতিক ভাড়াটে মস্তানকে দেখছি। ট্রাম্প, নিজের মতো কাউকে খুঁজে নিন। জেরুজালেম ইস্যুতে কিছু করলে মুসলিমরা ফুঁসে উঠবে।
মাহাথির আরো জানান, মার্কিন প্রেসিডেন্ট খেতাবধারী এই ভিলেনকে ঠেকাতে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। এ ছাড়া মুসলিম দেশগুলোকে ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নেরও আহ্বান জানান তিনি।
Design and developed by ওয়েব হোম বিডি