সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৭
ভারতের আসাম রাজ্য সরকার ‘ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস’ নামে বিতর্কিত এক তালিকার খসড়া প্রকাশ করতে যাচ্ছে। রোববার এই তালিকা প্রকাশ করার কথা রয়েছে। এতে প্রথম অবস্থাতেই লাখ লাখ মুসলমান বাদ পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আসামের সাংবাদিক অমল গুপ্ত জানান, বিভিন্ন পরিসংখ্যান থেকে ধারণা করা হচ্ছে, ‘নাগরিকদের জাতীয় রেজিস্টার এনআরসির এই খসড়ায় শুরুতেই তালিকা থেকে অন্তত ৩০ থেকে ৪০ লাখ মুসলমান বাদ পড়বেন।
তিনি আরও জানান, আজ যে তালিকা প্রকাশ হতে যাচ্ছে, আড়াই কোটির কাছাকাছি জনসংখ্যার আসামে এই তালিকা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তাতে আশঙ্কা করা হচ্ছে মুসলমানদের উল্লেখযোগ্য অংশ বাদ পড়বে।
এমন তালিকা নিয়ে মুসলমান অধ্যুষিত বরপেটা, দুবরি, করিমগঞ্জ, কাচারসহ বিভিন্ন জেলার জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক উদ্বেগ বিরাজ করছে।
বিতর্কিত নাগরিক তালিকা প্রকাশের পর সম্ভাব্য সহিংসতা এড়াতে পুরো রাজ্য জুড়ে নিরাপত্তা বাহিনীর পঞ্চাশ হাজার বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। কয়েকধাপে এই তালিকা প্রকাশ করা হবে শনিবার রাতে এক সংবাদ সম্মেলেনে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী।
১৯৫১ সালের পর আসামে প্রথমবারের মতো পরিচালিত এক আদমশুমারির ভিত্তিতে এই ‘ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনস’ তৈরি করা হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি গত বছর আসামের ক্ষমতায় আসার পর তাদের ভাষায় ‘রাজ্যের অবৈধ মুসলিম বাসিন্দাদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়। ১৯৭১ সালের ২৪ মার্চের পরে যেসব মুসলমান আসামে প্রবেশ করেছেন তাদেরকে অবৈধ হিসেবে গণনা করা হবে। নাগরিকত্ব পেতে হলে ১৯৭১ সালের ২৪ মার্চের আগে থেকেই যে তারা সেখানে থাকতেন, তেমন দলিল-প্রমাণ হাজির করতে হবে।
Design and developed by ওয়েব হোম বিডি