সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০১৮
চীনের পূর্ব উপকূলে কার্গো জাহাজের সঙ্গে তেলের ট্যাংকারের সংঘর্ষে দুই বাংলাদেশিসহ ৩২ জন নাবিক নিখোঁজ রয়েছেন। সংঘর্ষের পর ১ লাখ ৩৬ হাজার টন অয়েল কনডেনসেটের ট্যাঙ্কারে আগুন ধরে যায়। রোববার (০৭ জানুয়ারি) এএফপির এক খবরে এ তথ্য জানানো হয়।
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, শনিবার সন্ধ্যার দিকে চীন সমুদ্র পূর্ব উপকূলের থেকে ১৬০ নটিক্যাল মাইল পূর্বে এই দুর্ঘটনা ঘটে। এতে পানামার পতাকাবাহী সানচি নামের ট্যাংকারের সব নাবিক নিখোঁজ হন। তাদের মধ্যে ৩০ জন ইরানি ও দুজন বাংলাদেশি।
ইরানের গ্লোরি শিপিং পরিচালিত এই ট্যাংকারটি দক্ষিণ কোরিয়ায় যাচ্ছিল। ট্যাংকারে ১ লাখ ৩৬ হাজার টন তেল ছিল। আর হংকংয়ের পতাকাবাহী কার্গো জাহাজে ছিল ৬৪ হাজার টন খাদ্য শস্য।
বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, নিখোঁজ নাবিকদের উদ্ধারে চীনের মেরিটাইম কর্তৃপক্ষের আটটি নৌযান তল্লাশি চালিয়েছে। এ কাজে সহায়তার জন্য দক্ষিণ কোরিয়া একটি উড়োজাহাজ ও কোস্ট গার্ডের একটি জাহাজ পাঠিয়েছে। এতে আরো বলা হয়, দ্বিতীয় জাহাজের ক্রুকে উদ্ধার করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি