সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০১৮
মার্কিন জোটের বিমান হামলায় ইসলামিক স্টেটের (আইএস) ১৫০ যোদ্ধা নিহত হয়েছে। জোটের মুখপাত্র কর্নেল রিয়ান দিলোন জানিয়েছেন, শনিবার জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালায় মার্কিন জোট। এ খবর প্রকাশ করেছে সিএনএন।
আইএসের একটি প্রধান দফতর, একটি কমান্ড এবং একটি কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে ওই হামলা চালানো হয়। দিলন জানান, স্থলপথে জোট সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স আইএসের সঙ্গে লড়াই করেছে।
দিলন জানিয়েছেন, সিরিয়ার আস শাফাহ শহরে আইএসের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। সেখানে আইএসের সদস্যরা বেশ তৎপর।
দিলন আরো বলেন, হয়তো আইএস যোদ্ধারা কোনো বড় ধরনের আন্দোলনের জন্য একত্রিত হয়েছিল। তাই জোটের হামলায় একসঙ্গে বহু আইএস যোদ্ধা নিহত হয়েছে।
জোটের তরফ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই এলাকা আইএস যোদ্ধাদের ঘাঁটি। সেখানে বেসামরিক লোকজন থাকে না বললেই চলে। তাই বেসামরিক হতাহতের কোনো সম্ভাবনা নেই।
Design and developed by ওয়েব হোম বিডি