সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৮
মৌলভীবাজার শহরতলীর জগন্নাথপুর এলাকার উপশহর মাঠে প্রথমবারের মতো শুরু হয়েছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী জেলা ইজতেমা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মাধ্যমে শুরু হয় ইজতেমার মূল আনুষ্ঠানিকতা। আজ থেকে শুরু হওয়া ইজতেমা ২৭ জানুয়ারি সকাল ১১টার দিকে আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ইজতেমাকে কেন্দ্র করে ৬০টি সিসি ক্যামেরার মাধ্যমে ইজতেমা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটর করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এছাড়াও মুসল্লিদের নিরাপত্তায় মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেট ও রেঞ্জ রিজার্ভ ফোর্সসহ (আর.আর.এফ) প্রায় ৫০০পুলিশ মোতায়েন করা হয়েছে। ইজতেমা এলাকা ও আশপাশের সড়কে টহল দিচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একাধিক টিম।
ইজতেমায় অংশ গ্রহনের জন্য কয়দিন থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা এসে ইজতেমা মাঠে সমেবত হন। তবে কাল সকাল থেকে সমাগম বাড়তে থাকে।
মৌলভীবাজার জেলা তাবলিগ জামাতের শুরা সদস্য ও ইজতেমা মাঠের জিম্মাদার (আমির) মো. ময়নুল ইসলাম জানান, কাকরাইল মসজিদের মুরব্বি ও বিভিন্ন দেশ থেকে আসা মুরব্বিরা তিনদিন ব্যাপী এই মৌলভীবাজার জেলা ইজতেমায় বয়ান করবেন।
মৌলভীবাজার সদর উপজেলার জগন্নাথপুর গণপূর্ত বিভাগের নির্মানাধীন প্রকল্প এলাকায় ৬০ একর জায়গায় জেলা ইজতেমা মাঠে ৩০০ মানুষ দেড়মাস সেচ্ছাশ্রমে কাজ করে এ মাঠ প্রস্তুতি করেন।
ইজতেমাকে সামনে রেখে সব প্রস্তুতি শেষ হয়েছে। মাঠে বিশাল প্যান্ডেল, মাঠ সংস্কার, মঞ্চ, ওজুর পানি, খাওয়া ও গোসলের পানি, স্যানিটেশন তৈরির সব কাজ শেষ হয়েছে মুসল্লিসহ স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে।
ইজতেমার প্রবেশদ্বারে নির্মিত হয়েছে বিশাল অভ্যর্থনা গেট। এছাড়াও শহরের মোড়ে মোড়ে তৈরি হয়েছে বেশ কয়েকটি তোরণ। ঢাকায় অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার সাথে মিল রেখে এখানেও বাংলায় আখেরী মোনাজাত হবে বলে জানান মাঠের জিম্মাদার মইনুল ইসলাম।
পুলিশ সুপার কার্যালয়ের কর্মকর্তা (ডিআইও-১) মারুফ হোসেন জানান, ইজতেমা এলাকায় দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ৬০টি সিসি ক্যামেরার মাধ্যমে ইজতেমা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হচ্ছে।
র্যাবের পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যসহ সাদা পোশাকে নজরদারি বাড়ানো হয়েছে, দূরনিয়ন্ত্রিত যন্ত্রের মাধ্যমে নজরদারি বাড়াতে দু’টি ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি