সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৮
ভিসা লটারি ও চেইন মাইগ্রেশন বাতিলের আহবান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব কর্মসূচি বাতিল করে মেধাভিত্তিক অভিবাসন আইন প্রণয়ন করার তাগিদ দেন তিনি।
মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে মঙ্গলবার স্টেট অব ইউনিয়নের ভাষণে এসব কথা বলেন তিনি।
দেশের নিরাপত্তার কথা ভেবে ট্রাম্প শতাব্দী পুরানো অভিবাসন আইন সংস্কার করতে বলেন আইন প্রণেতাদের। দেশটিতে ১৮ লাখ অবৈধ অভিবাসী আছে। তারা ছোটবেলা মা-বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে এসেছিল। তাদেরকে কীভাবে বৈধ করে নেয়া যায় সেজন্য আইন পাশের কথা বলেন তিনি।
ট্রাম্প বলেন, এখন সময় মেধাভিত্তিক অভিবাসন আইন প্রণয়ন করা। যারা কাজে দক্ষ, কাজ করতে চায়, আমাদের সমাজে অবদান রাখতে চায় এবং আমাদের সংস্কৃতি ও দেশকে ভালোবাসে তাদেরকেই যুক্তরাষ্ট্রে আনা উচিত।
তিনি অভিবাসন আইন সংস্কারের জন্য আইন প্রণেতাদের চারটি প্রস্তাব দেন। সীমান্তে দেয়াল নির্মাণ, চেইন অভিবাসন বাতিল, ডাইভারসিটি (ডিভি) ভিসা বাতিল ও মেধাভিত্তিক অভিবাসন আইন তৈরি করা। এসব কাজে তিনি রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতাদের সহায়তা পাবেন বলে আশা প্রকাশ করেন।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ প্রসঙ্গে ট্রাম্প বলেন, অপরাধী ধরে আবার ছেড়ে দেয়া একটি বাজে চর্চা। তার চেয়ে বরং দেয়াল তুলে দেই যাতে অপরাধী আর প্রবেশই করতে না পারে। আমাদের সীমান্ত দিয়ে অপরাধীরা সহজেই প্রবেশ করতে পারে।
ভিসা লটারি বাতিল সম্পর্কে বলেন, এসব প্রক্রিয়ায় আমরা জানতে পারি না এদেশে কোন ধরনের লোক ঢুকছে। তাই নিরাপত্তার স্বার্থে ডিভি লটারি তুলে দেয়া হোক।
চেইন অভিবাসন সম্পর্কে তিনি বলেন, এই প্রক্রিয়ায় দূরের আত্মীয়স্বজনও এদেশের ঢোকার সুযোগ পায়। যত ইচ্ছা লোক আনা যায় এই প্রক্রিয়ায়। তাই এটা উঠিয়ে দিতে হবে। সূত্র: ওয়াশিংটন পোস্ট ও এনডিটিভি
Design and developed by ওয়েব হোম বিডি