সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
ভারতের উত্তরপূর্বাঞ্চলের মণিপুর রাজ্যের শিক্ষামন্ত্রী টি রাধেশ্যাম স্থানীয় কয়েকটি স্কুলের বর্তমান শিক্ষা কার্যক্রম সর্ম্পকে জানতে কোনও আগাম বার্তা না দিয়েই পরিদর্শনে বেরিয়েছিলেন। কিন্তু ঘটনা ঘটল সম্পূর্ণ উল্টো।
ক্লাসে গিয়ে ছাত্র-ছাত্রীদের দেখা তো দূরের কথা, দেখা গেল ক্লাসরুমের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকটি ছাগল। কোনও কোনও স্কুলে যতজন শিক্ষার্থী থাকার কথা, তার অর্ধেকও নেই সেসব স্কুলে। এই হঠাৎ অভিযানে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে, তাতে বেজায় চটেছেন মন্ত্রী।
কোথাও স্কুল খোলা কিন্তু শিক্ষক নেই। কোথাও আবার শিক্ষক রয়েছেন তো ছাত্র নেই! তবে মন্ত্রীর জন্য আরো চমক অপেক্ষা করছিল পশ্চিম ইমফালের একটি স্কুলে।
সেখানকার খেলাকং এলাকার একটি স্কুলে ঢুকে পড়েছিলেন কেমন পরিস্থিতি তা খতিয়ে দেখতে। কিন্তু এ কী! মন্ত্রী কিছুটা ধন্দে পড়েছিলেন, এটা আদৌ স্কুল তো! নথি অনুযায়ী স্কুলই বটে। তবে স্কুলে কোনও ছাত্র ছিল না, শিক্ষকদের উপস্থিতি তো টেরই পাওয়া যায়নি। স্কুলের ক্লাসরুমগুলো ফাঁকা, আর সেখানে চরে বেড়াচ্ছে ছাগলের দল।
একের পর এক স্কুলে ঘুরেছেন রাধেশ্যাম। কিন্তু কোনও স্কুল থেকেই তার অভিজ্ঞতাটা খুব একটা সুখকর হয়নি। ওই এলাকারই আরো একটি স্কুলে ঢুকে অবশ্য প্রধান শিক্ষককে দেখতে পান। কিন্তু বাকি শিক্ষকদের টিকি খুঁজে পাওয়া যায়নি। কোথায় গেলেন অন্য শিক্ষকরা?
এই প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক জানান, তারা কাজের জন্য বাইরে গিয়েছেন। কিন্তু প্রধান শিক্ষকের জবাব সন্তুষ্ট করতে পারেনি মন্ত্রীকে। হুঁশিয়ারির সুরেই তিনি বলেন, যে সব শিক্ষকেরা স্কুলে আসছেন না, তাদের বিরুদ্ধে এবং স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
স্কুলগুলির এই চিত্র দেখার পর মন্ত্রীর মুখে শোনা যায়, ‘এটা সত্যিই বিরক্তিকর এবং দুঃখের বিষয় যে শিক্ষার্থীরা স্কুলে নেই। সরকার শিগগির ব্যবস্থা নেবে।’
Design and developed by ওয়েব হোম বিডি